যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বকাপ–সংক্রান্ত প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি সম্প্রতি বলেছেন, ‘ইংল্যান্ড যদি এবার শিরোপা জেতে, সেটি হবে দারুণ একটি সাফল্য।’ এই মন্তব্যের মাধ্যমে তিনি ইংল্যান্ড দলের প্রতি ট্রাম্পের সমর্থন প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্র বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ হলেও তারা শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছে। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের উপস্থিতি ট্রাম্পের মনোভাবকে পরিবর্তন করেছে। জুলিয়ানি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি আমাদের ২৫০তম স্বাধীনতাবার্ষিকীতে বিশ্বকাপ জিততে না-ও পারে, তাহলে ইংল্যান্ডের আমেরিকায় এসে এই উদ্যাপনের মধ্যেই বিশ্বকাপ জেতা একটি দারুণ গল্প হবে।’
ইংল্যান্ড ১৯৬৬ সালের পর আর কোনো বিশ্বকাপ জিততে পারেনি। এবার জিতলে তাদের দীর্ঘ ৬০ বছরের অপেক্ষার অবসান হবে। জুলিয়ানি আরও বলেন, ‘আমার জানামতে, ইংল্যান্ড ৬০ বছর ধরে অপেক্ষায়। তারা যদি এবার শিরোপা জেতে, ভালোই হবে। তারা এখন পর্যন্ত টুর্নামেন্টে টিকে থাকা অন্যতম সেরা দল।’
ফুটবল ও ইংল্যান্ড দলের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহের কথাও উল্লেখ করেছেন জুলিয়ানি। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে হ্যারি কেইনকে দারুণ খেলোয়াড় এবং অসাধারণ মানুষ বলে উল্লেখ করেছিলেন। ইংল্যান্ডের এই স্ট্রাইকারের পারফরম্যান্সও নিবিড়ভাবে অনুসরণ করছেন তিনি।’
জুলিয়ানি বলেন, ‘কয়েক বছর আগে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একদল মানুষের গলফ খেলায় অংশ নিয়েছিলাম, সেখানে ওয়েইন রুনিও ছিলেন। প্রেসিডেন্ট ফুটবল সম্পর্কে বেশ ভালোই জানেন। আমার মনে হয়, তাঁর ছেলে ব্যারনের মাধ্যমে এ আগ্রহ আরও বেড়েছে।’
হ্যারি কেইন ইতিমধ্যে এবারের বিশ্বকাপে ৬টি গোল করেছেন। জুলিয়ানি বলেন, ‘কেইন ইংল্যান্ড দলের সর্বোচ্চ গোলদাতা। ইংল্যান্ড যদি বিশ্বকাপ জিততে চায়, তাহলে তাঁর পেছনে সবচেয়ে বড় ভূমিকা থাকবে কেইনের। তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বেলিংহামও অসাধারণ ফুটবলার।’
জুলিয়ানি ইংল্যান্ড দলকে আত্মবিশ্বাসী থাকার পরামর্শও দিয়েছেন। তিনি বলেন, ‘ইংল্যান্ডকে আমার কাছে খুবই ভারসাম্যপূর্ণ একটি দল মনে হয়েছে। তাদের আত্মবিশ্বাসী থাকতে হবে, আর কোচের কাজ হবে খেলোয়াড়দের বিশ্বাস করানো যে তাদের বিশ্বকাপ জেতার সামর্থ্য রয়েছে।’
এখন দেখার বিষয়, হোয়াইট হাউসের এই চাওয়া শেষ পর্যন্ত পূরণ হয় কি না। ইংল্যান্ডকে আগে আর্জেন্টিনার বিরুদ্ধে পরীক্ষা দিতে হবে, যা আগামী বুধবার আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।