দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার কথা মাথায় রেখে সংস্কার কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। রাতারাতি বড় কোনো পরিবর্তন আনা সম্ভব নয় এবং এই বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-ও একমত হয়েছে। কোন সংস্কারের অগ্রাধিকার আগে দিতে হবে, তা ঠিক করেই সামনে এগোনো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার সচিবালয়ে আইএমএফ-এর বাংলাদেশ ও হংকং-বিষয়ক মিশনপ্রধান ইভো ক্রজনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
অর্থমন্ত্রী জানান, সরকারের আর্থিক সংস্কার, রাজনৈতিক দায়িত্বশীলতা এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির প্রতি আইএমএফ সম্মান জানিয়েছে। এছাড়া নতুন ঋণ কর্মসূচির ভিত্তি এবং তা বাস্তবায়নের ধাপগুলো নিয়েও উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।
তিনি বলেন, "আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি কোন ভিত্তির ওপর পরিচালিত হবে, সে বিষয়ে দুই পক্ষের মধ্যে পরিষ্কার ধারণা হয়েছে। সরকার যে ভিত্তি ও নীতিমালার প্রস্তাব দিয়েছে, আইএমএফ তাতে একমত হয়েছে।"
রাজনৈতিক দায়বদ্ধতার বিষয়ে অর্থমন্ত্রী আরও বলেন, "একটি রাজনৈতিক সরকারের মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে। জনগণের স্বার্থ অক্ষুণ্ন রেখেই অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে। এ ধরনের রাজনৈতিক দায়িত্বশীলতাকে আইএমএফ গুরুত্বের সঙ্গে দেখেছে এবং সম্মান জানিয়েছে।"
বর্তমান সরকারের গত চার মাসের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, আর্থিক খাতের সংস্কার, শেয়ারবাজার ও পুঁজিবাজারের উন্নয়ন এবং রাজস্ব আদায়ে যে অগ্রগতি হয়েছে, তাতে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। তিনি দাবি করেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র চার মাসে কর আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই ধারা বজায় রেখে কর-জিডিপি অনুপাত বাড়ানোর সরকারি পরিকল্পনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি।
ভর্তুকির বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, "এখনো কোনো নির্দিষ্ট শর্ত বা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয়নি। আপাতত নতুন কর্মসূচির মূল ভিত্তি তৈরির বিষয়েই কথা হয়েছে। পরবর্তী পর্যায়ের আলোচনায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।"
অর্থমন্ত্রী জানান, আইএমএফ-এর সঙ্গে আলোচনা এখনো চলমান। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে বিশ্বব্যাংকের বার্ষিক সভার সময় এই বিষয়ে পুনরায় আলোচনা হবে। সরকারের সংস্কার কার্যক্রমে আইএমএফ সন্তুষ্ট এবং সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই নতুন কর্মসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।