ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেই নতুন জীবন শুরু করেছেন বলিউড তারকা আমির খান ও গৌরী স্প্র্যাট। তবে এই হানিমুন সফরটি কেবল নবদম্পতির একান্ত সময় কাটানোর জন্য নয়, বরং দুই পরিবারের সন্তানদের সঙ্গে সম্পর্ক আরও স্বাভাবিক ও ঘনিষ্ঠ করে তোলার একটি প্রচেষ্টা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, বিয়ের কয়েক দিনের মধ্যেই স্ত্রী গৌরীকে নিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে উড়াল দিয়েছেন আমির খান।
গত ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলে নিজের বাসভবনে নিবন্ধনের মাধ্যমে বিয়ে করেন ৬১ বছর বয়সী আমির খান ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাট। এই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, সন্তান এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন।
ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকল-এর প্রতিবেদন অনুযায়ী, মেলবোর্ন সফরে আমির ও গৌরীর সঙ্গে তাঁদের দুই ছেলেও রয়েছেন। আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে সংসারের ছেলে আজাদ রাও খান এবং গৌরীর আগের সংসারের ছেলে কুইন স্প্র্যাট এই সফরে অংশ নিয়েছেন। সফরের একটি বড় উদ্দেশ্য হলো দুই শিশুকে একসঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেওয়া এবং গৌরীর ছেলে কুইনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা। নবগঠিত পরিবারে সবাই যেন সহজে একে অপরের সঙ্গে মানিয়ে নিতে পারে, সেটিই এই সফরের অন্যতম লক্ষ্য।
তবে এই সফরটি পুরোপুরি অবকাশযাপনের জন্য নয়। মেলবোর্নে প্রথমে একটি পেশাগত অনুষ্ঠানে অংশ নেবেন আমির, এরপর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ব্যক্তিগত সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তাঁর। আগামী আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন-এ অংশ নেবেন তিনি। সেখানে তাঁর অভিনীত ‘সিতারে জমিন পার’ ছবির জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন আমির। ১৩ থেকে ২৩ আগস্ট পর্যন্ত এই উৎসবে চলচ্চিত্র প্রদর্শনী, বিশেষ আয়োজন, প্যানেল আলোচনা, মাস্টারক্লাস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আমির ও গৌরীর সম্পর্কের শুরু হয়েছিল প্রায় ২৫ বছর আগে। প্রথম পরিচয়ের পর দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও পরবর্তীতে তাঁরা পুনরায় কাছাকাছি আসেন। প্রায় দুই বছর সম্পর্কের পর গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির। এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে নানা জল্পনা চলছিল, যার অবসান ঘটে ৫ জুলাইয়ের ঘরোয়া বিয়ের মাধ্যমে।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে রীনা দত্ত এবং চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেছিলেন তিনি। বিচ্ছেদের পরও দুই সাবেক স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির, যা বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানেও পরিলক্ষিত হয়।
ভারতীয় কিছু গণমাধ্যমের দাবি, নতুন সংসার শুরু করার পর মুম্বাইয়ের একটি নতুন আবাসনে ওঠার পরিকল্পনাও রয়েছে আমিরের, যাতে পরিবারের সদস্যদের কাছাকাছি থেকে নতুন অধ্যায় শুরু করতে পারেন। তবে এ বিষয়ে অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।