টেলিভিশন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন প্রাইমটাইম এমি পুরস্কারের ৭৮তম আসরের সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন মারিশকা হার্গিটে। দীর্ঘ ১৫ বছর পর কোনো নারী এই বিশেষ দায়িত্ব ফিরে পাচ্ছেন। তবে মার্কিন টেলিভিশনের প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হার্গিটের জীবন কেবল সাফল্য আর খ্যাতির গল্প নয়, বরং এর গভীরে মিশে আছে এক চরম শোকের স্মৃতি।

১৯৬৪ সালের ২৩ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন মারিশকা। তাঁর বাবা অভিনেতা ও বডিবিল্ডার মাইকি হার্গিটে এবং মা ছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেইন ম্যানসফিল্ড। জীবনের শুরুর দিকেই এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হতে হয় মারিশকাকে। ১৯৬৭ সালে এক সড়ক দুর্ঘটনায় তাঁর মা জেইন ম্যানসফিল্ড নিহত হন। দুর্ঘটনার সময় মারিশকা ও তাঁর দুই ভাই গাড়ির পেছনের আসনে ছিলেন। তাঁরা অল্প আঘাত নিয়ে বেঁচে গেলেও চোখের সামনে মায়ের মৃত্যু দেখেছেন। শৈশবে ঘটে যাওয়া এই ঘটনা তাঁর মনে গভীর প্রভাব ফেলে, যা পরবর্তীতে তাঁর অভিনয় ক্যারিয়ারেও প্রতিফলিত হয়।

কৈশোরে অভিনয়ের প্রতি আগ্রহ জন্মানোর পর বিশ্ববিদ্যালয়ে থিয়েটার বিষয়ে পড়াশোনা করেন মারিশকা। ১৯৮৪ সালে চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটে। ক্যারিয়ারের শুরুতে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করা ছিল তাঁর জন্য বড় চ্যালেঞ্জ। অনেকে তাঁকে মায়ের ইমেজ বা চেহারার আদলে নিজেকে বদলানোর পরামর্শ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। নিজের নাম, ব্যক্তিত্ব ও স্বকীয়তাকে ধরে রাখার সিদ্ধান্ত নেন তিনি।

সাফল্যের পথটি খুব সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুতে ছোট ছোট চরিত্রে অভিনয়ের পাশাপাশি ওয়েট্রেসের কাজ করতে হয়েছে তাঁকে। দীর্ঘ লড়াইয়ের পর ১৯৯৮ সালে জনপ্রিয় মেডিক্যাল ড্রামা ‘ইআর’-এ অভিনয়ের মাধ্যমে তাঁর জীবনে মোড় ঘোরে। এরপর ১৯৯৯ সালে ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিক্টিমস ইউনিট’-এর গোয়েন্দা অলিভিয়া বেনসন চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। যৌন অপরাধ তদন্তকারী এক দৃঢ়চেতা ও মানবিক কর্মকর্তার চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করে।

এই চরিত্রের মাধ্যমেই মারিশকা হয়ে ওঠেন টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। তিনি অর্জন করেছেন প্রাইমটাইম এমি এবং গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মতো সম্মানজনক পুরস্কার। ব্যক্তিগত জীবনে ২০০৪ সালে অভিনেতা পিটার হারম্যানকে বিয়ে করেন তিনি, যাঁর সঙ্গে পরিচয় হয়েছিল এই সিরিজের সেটেই। তাঁদের এক ছেলেসন্তান রয়েছে এবং আরও দুই সন্তানকে দত্তক নিয়েছেন এই দম্পতি।