এআই প্রযুক্তি শেখার কাজটা এখন অনেকটাই ‘এআই দিয়েই এআই শেখা’—মাছের তেলে মাছ ভাজার মতো। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বর্তমান সময়ে চ্যাটজিপিটি কেবল একটি সাধারণ চ্যাটবট নয়; এটি জীবনের নানা কাজের জন্য সহায়ক এক ধরনের ব্যক্তিগত সহকারী। কিন্তু বাস্তবতা হলো, অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও করপোরেট পেশাজীবী চ্যাটজিপিটিকে বেশির ভাগ সময় ব্যবহার করেন কেবল প্রাথমিক কাজের মধ্যে—সাধারণ তথ্য খোঁজা বা ই–মেইলের খসড়া তৈরির মতো কাজে। চ্যাটজিপিটির প্রকৃত সক্ষমতা কাজে লাগাতে মূল বিষয় হলো সঠিক প্রম্পটিং ও নির্দেশনার কৌশল।
এই কৌশল শিখতে আলাদা করে দামি কোনো কোর্স করার প্রয়োজন নেই। চ্যাটজিপিটিকে ঠিকভাবে প্রশ্ন করা ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া গেলে ব্যবহারকারী নিজেই প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মৌলিক কায়দা আয়ত্ত করতে পারেন। একবার প্রম্পট তৈরির অভ্যাস তৈরি হলে আউটপুটের মানও স্বাভাবিকভাবেই উন্নত হয়।
এআই ব্যবহারের জন্য ইংরেজি ভালো জানা জরুরি—এমন ধারণাও অনেকের মধ্যে আছে। তবে সেটি পুরোপুরি সঠিক নয়। শুরুতে এআই ব্যবহারে ইংরেজি বেশি প্রাধান্য পেলেও বর্তমানে আধুনিক এআই মডেল, যেমন চ্যাটজিপিটি, ক্লড বা জেমিনাই, বাংলা ভাষা বুঝতে ও লিখতে পারে। ফলে ইংরেজি জানা বাধ্যতামূলক নয়। প্রম্পটিংয়ে আসল দক্ষতা হলো নির্দেশনাকে স্পষ্টভাবে সাজাতে পারা।
নিজের মাতৃভাষায় এআইকে যত স্পষ্ট, বিস্তারিত ও গোছানো নির্দেশনা দিতে পারবেন, আউটপুট ততটাই কার্যকর হতে পারে। লক্ষ্য ও কাজের ধরন পরিষ্কার থাকলে কেবল বাংলা ভাষাতেও চ্যাটজিপিটির সাহায্যে পড়াশোনা ও ক্যারিয়ার সংশ্লিষ্ট কাজে এগোনোর সুযোগ তৈরি হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষেত্রে চ্যাটজিপিটি সহায়ক হতে পারে অ্যাসাইনমেন্ট তৈরি, গবেষণার রূপরেখা সাজানো বা কঠিন একাডেমিক তত্ত্ব সহজভাবে বোঝার কাজে। শিক্ষার্থী সরাসরি চ্যাটজিপিটিকে তার প্রয়োজন জানাতে পারেন—‘আমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আমার অ্যাকাউন্টিংয়ের জটিল থিওরিগুলো সহজে বুঝতে এবং রিসার্চ পেপারের জন্য লিটারেচার রিভিউ লিখতে তোমার সাহায্য চাই। তোমাকে কীভাবে নির্দেশ বা প্রম্পট দিলে তুমি আমাকে সবচেয়ে নির্ভুল ও গোছানো উত্তর দিতে পারবে, তার ৫টি উদাহরণসহ গাইডলাইন দাও।’ এ ধরনের একটি প্রশ্ন চ্যাটজিপিটিকে শিক্ষার্থীর জন্য এক ধরনের একাডেমিক মেন্টরে রূপ দিতে পারে। এরপর চ্যাটজিপিটি শেখাতে পারে কীভাবে তাকে দিয়ে রোল প্লে করানো যায় বা নির্দিষ্ট রেফারেন্স ধরে ডেটা অ্যানালাইসিসে কীভাবে এগোতে হবে।
করপোরেট পরিবেশে কাজের ধরণ আলাদা। সেখানে নিয়মিতভাবে দরকার হয় ব্যবসায়িক প্রস্তাবনা, ডেটা বিশ্লেষণ, ‘মিটিং মিনিটস’ বা সভার সারাংশ তৈরি এবং গ্রাহকদের জন্য স্ট্র্যাটেজি সাজানো। এ ক্ষেত্রে পেশাজীবীরা চ্যাটজিপিটিকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে প্রম্পট দিতে পারেন—‘আমি একজন করপোরেট কমিউনিকেশন ম্যানেজার। আমার দৈনিক ই–মেইল রাইটিং, মার্কেট রিসার্চ এবং ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি তৈরির কাজে তোমাকে শতভাগ কার্যকরভাবে ব্যবহার করতে চাই। আমাকে প্রম্পট লেখার এমন একটি ফ্রেমওয়ার্ক দাও, যা আমার কাজের গতি দ্বিগুণ করে দেবে।’ এরপর চ্যাটজিপিটি প্রসঙ্গভিত্তিকভাবে এমন একটি ফ্রেমওয়ার্ক শেখাতে পারে, যার মাধ্যমে করপোরেট কর্মীরা তুলনামূলকভাবে নিখুঁত ব্যবসায়িক কনটেন্ট তৈরি করতে পারেন।
চ্যাটজিপিটির ব্যবহার শেখার আরেকটি কার্যকর উপায় হলো মেটা-প্রম্পটিং—অর্থাৎ চ্যাটজিপিটিকে দিয়ে প্রম্পট তৈরি করিয়ে নেওয়া। আপনি যে কাজটি করতে চান, তা জানিয়ে চ্যাটজিপিটিকেই বলতে পারেন প্রয়োজনীয় প্রম্পট লিখে দিতে। উদাহরণ হিসেবে—‘আমি একটি নতুন বিজনেস প্রজেক্টের প্রেজেন্টেশন বানাব। এই কাজের জন্য সেরা আউটপুট পেতে চ্যাটজিপিটিকে কী প্রম্পট দেওয়া উচিত, তুমিই আমাকে সেই প্রম্পটটি লিখে দাও।’ এই প্রক্রিয়ায় ব্যবহারকারী নিজেই দেখে ফেলতে পারেন, কীভাবে একটি নিখুঁত প্রম্পট তৈরি হয়।
আরেকভাবে—কাজের পর সরাসরি জিজ্ঞেস করা যায়, এই উত্তরটিকে আরও প্রফেশনাল বা তথ্যবহুল করতে প্রম্পটে আর কী ধরনের তথ্য যোগ করা উচিত। রিভার্স লার্নিংয়ের এই ধারা ব্যবহারকারীকে দ্রুত প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষ করে তুলতে সাহায্য করে।
শেষ কথা, এই পরামর্শ শুধু চ্যাটজিপিটির মধ্যে সীমাবদ্ধ নয়। গুগল জেমিনাই বা ক্লডের ক্ষেত্রেও একই ধরনের কৌশল প্রয়োগ করা যায়।






