দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্ণ করলেন দেশের একসময়কার জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। রজতজয়ন্তীর বিশেষ দিনটি উদ্‌যাপন করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবার, বন্ধু ও ঘনিষ্ঠজনদের নিয়ে আয়োজন করেন তাঁরা। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে দীর্ঘ ২৫ বছরের পথচলা নিয়ে অনুভূতি জানিয়েছেন টনি ডায়েস।

টনি ডায়েস ও প্রিয়া ডায়েসের বিয়ে হয় ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে। সে হিসেবে এ বছরের ফেব্রুয়ারি ছিল তাঁদের বিবাহিত জীবনের ২৫ বছর। ব্যস্ততার কারণে সেদিন সরাসরি দিনটি উদ্‌যাপন করতে পারেননি তাঁরা। পরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিয়ের রজতজয়ন্তী অনুষ্ঠান আয়োজন করে দিনটি উদ্‌যাপন করেন। এই তারকা দম্পতির একমাত্র মেয়ে অহনা। ২০০৮ সালের শেষ দিকে স্ত্রী ও মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান টনি ডায়েস। বর্তমানে তিনি নিউইয়র্কের লং আইল্যান্ডের হিকসভিলে পরিবারসহ থাকেন।

রজতজয়ন্তীর আয়োজনের ছবি প্রকাশ করে টনি ডায়েস লিখেছেন, তাঁদের ২৫ বছরের পথচলার সবচেয়ে বড় আশীর্বাদ হলো এমন একটি পরিবার ও পরিমণ্ডল, যারা সুখের দিনে পাশে থাকে, আনন্দ ভাগ করে নেয় এবং ভালোবাসাকে আরও সুন্দর করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘অতিথিদের উপস্থিতি শুধু একটি অনুষ্ঠানে যোগ দেওয়া ছিল না, বরং তাঁদের জীবনের ২৫ বছরের গল্পকে ভালোবাসায় পূর্ণ করে দেওয়ার মতো একটি উপলক্ষ।’

আরেকটি পোস্টে দাম্পত্য জীবনের স্মৃতিচারণা করে টনি ডায়েস লেখেন, ‘ক্যামেরার সামনে তাঁরা অসংখ্য গল্প বললেও সবচেয়ে সুন্দর গল্পটি ছিল তাঁদের নিজেদের ভালোবাসার গল্প। বছর পেরিয়েছে, দেশ বদলেছে; কিন্তু একসঙ্গে কাটানো শুটিং, মহড়া, স্টুডিওর হাসি আর স্মৃতিগুলো আজও তাঁদের কাছে সমানভাবে সতেজ। তাঁর মতে, ২৫তম বিবাহবার্ষিকীর আয়োজন শুধু তাঁদের দুজনের উদ্‌যাপন ছিল না, বরং বহু বছরের সম্পর্ক, বন্ধুত্ব ও স্মৃতির এক মিলনমেলায় পরিণত হয়েছিল।’

দাম্পত্য সম্পর্কের প্রসঙ্গ টেনে টনি ডায়েস লেখেন, ‘একটি সম্পর্ক শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না; সময়ের সঙ্গে সেটি পরিবার, বন্ধু এবং ভালোবাসার মানুষের গল্প হয়ে ওঠে। ২৫ বছরের এই যাত্রায় যাঁরা পাশে ছিলেন এবং বিশেষ দিনটিকে আরও সুন্দর করে তুলেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা।’

প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকছেন টনি ও প্রিয়া ডায়েস। প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও বিবাহিত জীবনের রজতজয়ন্তী তাঁরা উদ্‌যাপন করেছেন স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে।