বলিউড তারকা আমির খান কেবল নতুন সংসারই শুরু করেননি, বরং পুরো পরিবারকে এক ছাদের নিচে নিয়ে আসার এক বিশাল পরিকল্পনা গ্রহণ করেছেন। মুম্বাইয়ের অভিজাত এলাকা পালি হিলে প্রায় ১০০ কোটি রুপি ব্যয়ে একটি বহুতল ‘স্কাই ভিলা’ নির্মাণ করছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, এই আবাসনে স্ত্রী গৌরী স্প্র্যাট, সন্তান, মা ও বোন ছাড়াও সাবেক স্ত্রী এবং তাঁদের সন্তানদের জন্য আলাদা থাকার ব্যবস্থা থাকবে।

২০২৪ সালে এই পরিকল্পনার সূত্রপাত হয়। জানা গেছে, আমিরের দীর্ঘদিনের বাসভবন সংলগ্ন ‘বেলা ভিস্তা’ এবং ‘মারিনা অ্যাপার্টমেন্টস’ পুনর্নির্মাণ করা হবে। পুরোনো দুটি ভবন ভেঙে নতুন আবাসন নির্মাণের কাজ বর্তমানে চলমান, যা ২০৩০ সালের মধ্যে শেষ হওয়ার কথা। এই প্রকল্পের অন্যতম বড় অংশীদার আমির খান। ‘বেলা ভিস্তা’র ২৪টি ফ্ল্যাটের মধ্যে ৯টির মালিক তিনি এবং পাশের ‘মারিনা অ্যাপার্টমেন্টস’-এও তাঁর একাধিক ফ্ল্যাট রয়েছে।

ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুনর্নির্মিত ভবনে আরও কয়েকটি ফ্ল্যাট কিনতে ১০০ কোটির বেশি রুপি ব্যয় করেছেন আমির। এই ফ্ল্যাটগুলো একত্র করে একটি বিশাল ‘স্কাই ভিলা’ তৈরি করা হবে, যেখানে একই সঙ্গে পরিবারের একাধিক প্রজন্মের সদস্যরা বসবাস করতে পারবেন।

প্রতিবেদন অনুযায়ী, ভবনের একটি পুরো তলা উৎসবে এবং অতিথি আপ্যায়নের জন্য রাখা হবে। ছেলে জুনায়েদ খানের জন্য থাকবে আলাদা তলা। অন্যদিকে, আমির নিজে স্ত্রী গৌরী স্প্র্যাট এবং গৌরীর আগের সংসারের ছেলে কুইনকে নিয়ে দুটি তলাজুড়ে বসবাস করবেন।

পরিবারের অন্যান্য সদস্যদের জন্যও পৃথক ব্যবস্থা রাখছেন এই অভিনেতা। তাঁর মা জিনাত হুসেন, বোন নিখাত খান ও ফরহাত খান দত্তের জন্য থাকবে আলাদা আবাসন। এমনকি সাবেক স্ত্রী কিরণ রাও এবং তাঁদের ছেলে আজাদের জন্যও একটি পৃথক অ্যাপার্টমেন্ট রাখার পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুনর্নির্মাণের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমির সাময়িকভাবে কাছাকাছি একটি ভবনে ভাড়া থাকছেন। পালি হিলের নার্গিস দত্ত রোডের ‘উইলনোমোনা অ্যাপার্টমেন্টস’-এ চারটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বর্তমানে তিনি মা, বোন, ছেলে জুনায়েদ ও আজাদ, স্ত্রী গৌরী স্প্র্যাট ও কুইনকে নিয়ে বসবাস করছেন।

চলতি বছরের ৫ জুলাই পালি হিলের বাড়িতেই ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে নিবন্ধিত বিয়ে করেন আমির খান ও গৌরী স্প্র্যাট। তাঁদের আগের সংসারের সন্তানেরাও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আংটিবদলের অনুষ্ঠানে আংটি বহনের দায়িত্ব পালন করেন আমিরের ছেলে আজাদ রাও খান ও গৌরীর ছেলে কুইন। এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্ত এবং পরবর্তীতে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেছিলেন। এই ‘স্কাই ভিলা’ পরিকল্পনা বাস্তবায়িত হলে তা বলিউডের তারকাদের মধ্যে অন্যতম ব্যতিক্রমী পারিবারিক আবাসন হিসেবে গণ্য হবে।