বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় এই হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচের আগে লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা জানালেও, সুইস খেলোয়াড়দের মনে রয়েছে আত্মবিশ্বাস। তারা মনে করছেন, নিজেদের সেরাটা দিতে পারলে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে অঘটন ঘটানো সম্ভব।
সুইস মিডফিল্ডার দেনিস জাকারিয়া আর্জেন্টিনাকে বর্তমান বিশ্বের সেরা দল এবং মেসিকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন। তবে মাঠের লড়াইয়ে এই মহাতারকাকে রুখে দেওয়ার সামর্থ্য তাদের দলে আছে বলে মনে করেন তিনি। সংবাদ সম্মেলনে জাকারিয়া বলেন, ‘ওদের হারাতে চাইলে আমাদের খুব ভালো পারফর্ম করতে হবে। মেসির মতো খেলোয়াড়কে থামানো সব সময়ই কঠিন। কিন্তু আমি মনে করি, সেটা করার মতো মান ও খেলোয়াড় আমাদের আছে।’
২৯ বছর বয়সী এই মিডফিল্ডারের নেতৃত্বাধীন সুইজারল্যান্ড এবারের নকআউট পর্বে আলজেরিয়া ও কলম্বিয়াকে পরাজিত করে শেষ আটে জায়গা করে নিয়েছে। দীর্ঘ ৭২ বছর পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা দলটি এখানেই থেমে থাকতে চায় না।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৮ গোল করেছেন মেসি। শেষ ষোলোয় মিসরের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ে তাঁর ভূমিকা ছিল অনন্য। ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে ২-০ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা।
মেসিকে থামানোর চ্যালেঞ্জ নিয়ে জাকারিয়া বিশ্লেষণ করেন, মাঠে চলাফেরার স্বাধীনতা মেসিকে আরও বিপজ্জনক করে তোলে। তবে তাঁর মতে, কেবল মেসিকে আটকে রাখলেই হবে না, পুরো আর্জেন্টিনাকে সম্মিলিতভাবে রুখতে হবে। জাকারিয়ার ভাষায়, ‘আমরা জানি, মেসি বিশ্বের সেরা বা সেরাদের একজন। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা শুধু মেসির দল নয়। অন্য খেলোয়াড়েরাও ভালো। তাই শুধু মেসিকে নিয়ে ভাবলে হবে না।’
একই সুর শোনা গেছে ফরোয়ার্ড জেকি আমদুনির কণ্ঠে। প্রতিপক্ষের রক্ষণভাগের দুর্বলতা খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন তিনি। আমদুনি বলেন, ‘আমরা তাদের খেলা বিশ্লেষণ করেছি, এখনো করছি। আমার মনে হয়, সুযোগ আছে। আমরা আজ এখানে আছি; কারণ, আমরাও তাদের আঘাত করতে পারি।’
এদিকে, জার্মান টেলিভিশনে এক মন্তব্যে বিতর্ক তৈরি করেছেন জার্মানির সাবেক গোলরক্ষক জেন্স লেমান। তাঁর দাবি, সুইস খেলোয়াড়েরা মেসিকে অতিরিক্ত সম্মান দেখাচ্ছেন এবং তারা কেবল ম্যাচ শেষে মেসির জার্সি সংগ্রহের লক্ষ্য নিয়ে মাঠে নামছেন। লেমানের এই খোঁচাকে গুরুত্ব না দিয়ে আমদুনি জানান, ব্যক্তিগত শ্রদ্ধা আর মাঠের লড়াই আলাদা বিষয়। তিনি বলেন, ‘মেসি দারুণ একজন খেলোয়াড়, সবচেয়ে সেরা। ছোটবেলায় সবারই কোনো না কোনো আইডল থাকে। কিন্তু তাদের বিপক্ষে খেলা ভিন্ন বিষয়। আমরা মাঠে নিজেদের সবকিছু উজাড় করে দেব এবং আর্জেন্টিনাকে হারানোর সর্বোচ্চ চেষ্টা করব।’






