কে-পপ ব্যান্ড বিটিএসের নতুন গান ‘সুইম’-এর বিরুদ্ধে ওঠা কপিরাইট লঙ্ঘনের অভিযোগ সরাসরি নাকচ করেছে তাদের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিগ হিট মিউজিক। প্রতিষ্ঠানটির দাবি, গানটি সম্পূর্ণ স্বাধীনভাবে তৈরি করা হয়েছে এবং তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এই অভিযোগের জবাব দেবে।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে বিগ হিট মিউজিক জানিয়েছে, ‘মামলায় আনা অভিযোগ একতরফা ও ভিত্তিহীন। “সুইম” একটি স্বাধীন সৃষ্টি। আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দৃঢ়ভাবে এর জবাব দেব।’

গত ৮ জুলাই যুক্তরাষ্ট্রের তিন গীতিকার—স্টিভ কুপার, জন স্যান্ডলার ও গ্রেলিন জনসন মার্কিন আদালতে একটি কপিরাইট মামলা দায়ের করেন। তাঁদের অভিযোগ, ২০২৫ সালের শুরুতে তাঁরা ‘সুইম’ নামে একটি ডেমো গান লিখে রেকর্ড করেছিলেন। পরবর্তীতে বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’-এর প্রধান সিঙ্গেল হিসেবে প্রায় একইভাবে সেই গানটি ব্যবহার করা হয়েছে বলে তাঁরা দাবি করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে লস অ্যাঞ্জেলেসে অ্যালবামের কাজ করার সময় বিটিএস বিভিন্ন গীতিকার ও প্রযোজকের গান শুনছিল। সেই সময়ে তাঁদের ডেমো গানটি প্রকাশনা প্রতিষ্ঠান আর্টিস্ট পাবলিশিং গ্রুপসহ শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানো হয়েছিল। বাদীপক্ষের দাবি, গানটি যুক্তরাষ্ট্রের কপিরাইট অফিসে নিবন্ধিত থাকা সত্ত্বেও বিটিএসের ‘সুইম’-এর সঙ্গে এর অস্বাভাবিক মিল পাওয়া গেছে।

মামলার সঙ্গে যুক্ত সংগীত বিশ্লেষক আলেকজান্ডার স্টুয়ার্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘দুটি গানের মধ্যে এমন মিল রয়েছে যে স্বতন্ত্রভাবে একই ধরনের সৃষ্টি হওয়ার সম্ভাবনা কার্যত উড়িয়ে দেওয়া যায়, নকলই সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা।’

এই মামলায় হাইব, হাইব আমেরিকা, বিগ হিট মিউজিক এবং ‘সুইম’-এর স্বীকৃত গীতিকার ডেরিক মিলানো, জেমস এসিয়েন ও রায়ান টেডারকে অভিযুক্ত করা হয়েছে। তবে বিটিএসের সদস্যদের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ আনা হয়নি। এমনকি গানের সহলেখক হিসেবে স্বীকৃত দলের নেতা আরএম এবং প্রযোজক পি-ডগের নামও আসামির তালিকায় নেই।

বাদীপক্ষের গীতিকাররা আদালতের কাছে ‘সুইম’ গানটির ব্যবহার বন্ধের নির্দেশ, ক্ষতিপূরণ এবং গান থেকে অর্জিত আয়ের একটি অংশ দাবি করেছেন। বিকল্প হিসেবে তাঁরা গানটির সহলেখক হিসেবে স্বীকৃতির আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, গত দুই মাসে যুক্তরাষ্ট্রে হাইবের বিরুদ্ধে এটি তৃতীয় কপিরাইট মামলা। এর আগে মে মাসে লস অ্যাঞ্জেলেসভিত্তিক চার গীতিকার নিউজিনসের ‘হাউ সুইট’ গানটি তাঁদের একটি ডেমোর ওপর ভিত্তি করে তৈরি বলে অভিযোগ করেন। এছাড়া চলতি সপ্তাহে নিউইয়র্কভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠান অল সারফেস পাবলিশিং ‘ইটিএ’ গানটি নিয়ে নতুন মামলা করেছে।

তবে এসব বিতর্কের মধ্যেই বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে অভিষেক হয়েছে বিটিএসের ‘সুইম’ গানটির। পাশাপাশি বিলবোর্ড ২০০-এর ১ নম্বরে উঠে এসেছে তাঁদের অ্যালবাম ‘আরিরাং’।