জনপ্রিয় দক্ষিণ কোরীয় অভিনেত্রী ও গায়িকা আইইউ এবং অভিনেতা লি জং-সকের দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের অবসান ঘটেছে। ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’ খ্যাত এই অভিনেত্রীর বিচ্ছেদের খবরটি শুক্রবার দুই তারকার সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
দুই তারকার প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি তাঁরা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদ হলেও সহকর্মী হিসেবে তাঁরা সুসম্পর্ক বজায় রাখবেন।
লি জং-সক ও আইইউর পরিচয়ের সূত্রপাত ২০১২ সালে। সে সময় তাঁরা এসবিএসের সংগীত অনুষ্ঠান ‘ইনকিগায়ো’-এর সঞ্চালনার দায়িত্বে ছিলেন। প্রায় এক দশকের দীর্ঘ বন্ধুত্বের পর ২০২২ সালের শেষ দিকে তাঁরা নিজেদের প্রেমের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুজনেরই পেশাগত ব্যস্ততা এই বিচ্ছেদের অন্যতম কারণ। ব্যস্ত কর্মসূচির কারণে একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না তাঁরা, যার ফলে শেষ পর্যন্ত সম্পর্কটি ইতি টানার সিদ্ধান্ত নেন এই তারকা জুটি।
২০০৮ সালে গায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করা আইইউ ‘গুড ডে’ ও ‘ইউ অ্যান্ড আই’–এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান। পরবর্তীতে অভিনয়েও তিনি সমানভাবে সফল হন। সম্প্রতি ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’ ও ‘পারফেক্ট ক্রাউন’ নাটকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। বর্তমানে তিনি নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং আগামী সেপ্টেম্বরে গোয়াং স্টেডিয়ামে তাঁর একটি কনসার্ট আয়োজনের কথা রয়েছে।
অন্যদিকে, ২০০৫ সালে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা লি জং-সকের অভিনয়ে অভিষেক হয় ২০১০ সালে ‘প্রসিকিউটর প্রিন্সেস’ নাটকের মাধ্যমে। এরপর ‘সিক্রেট গার্ডেন’, ‘আই ক্যান হিয়ার ইয়োর ভয়েস’ এবং ‘পিনোকিও’র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি তারকাখ্যাতি পান। খুব শীঘ্রই তাঁকে ডিজনি প্লাসের নতুন সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এ দেখা যাবে।
কোরিয়া হেরাল্ড অবলম্বনে।






