নরম কেক কাটার মুহূর্তে হঠাৎ ছুরিতে বাধা পান অভিনেত্রী পূর্ণিমা। মনে হয়েছিল কেকের ভেতরে কিছু শক্ত বস্তু লুকিয়ে আছে। কৌতূহল সামলে কেকের ভেতর থেকে একটি ছোট বাক্স বের করেন তিনি—আর সেখানেই জন্মদিনের অনুষ্ঠানের সবচেয়ে বড় চমকের সূত্রপাত। বাক্সটির ভেতরে কী ছিল, সেটিই হয়ে ওঠে রহস্য।

১১ জুলাই জন্মদিন উপলক্ষে অভিনেত্রী পূর্ণিমার জন্য এমন ব্যতিক্রমী আয়োজন করে চ্যানেল আই। বিশেষ অনুষ্ঠান ‘জোছনার ওপারে পূর্ণিমা’–এর শুটিংয়ে অংশ নিতে গিয়ে একের পর এক চমকে অভিভূত হন তিনি। ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা পূর্ণিমা দীর্ঘ অভিনয়জীবনে মান্না, রিয়াজ ও শাকিব খানের মতো তারকাদের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে কাজ করেছেন।

চ্যানেল আইয়ের বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠানে অংশ নিলেও এবারের অভিজ্ঞতা ছিল একেবারেই আলাদা। জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের মূল ফটক থেকে স্টুডিও পর্যন্ত পূর্ণিমার প্রায় তিন দশকের অভিনয়জীবনের বিভিন্ন সময়ের আলোকচিত্রের কাটআউট দিয়ে করিডর সাজানো হয়। বিছানো হয় লালগালিচা। সেই পথ ধরে স্টুডিওতে পৌঁছানোর সময় নিজের অভিনয়জীবনের নানা মুহূর্ত যেন নতুন করে ফিরে দেখেন তিনি।

চট্টগ্রাম থেকে শুরু...
১৯৮১ সালের ১১ জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন পূর্ণিমা। মাত্র ১৫ বছর বয়সে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ (১৯৯৮) সিনেমার মাধ্যমে রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক হয় তাঁর। ২৮ বছরের অভিনয়জীবনে প্রায় ৮০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ভারত–বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ তাঁকে তারকাখ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। ক্যারিয়ারে সবচেয়ে বেশি, প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করেছেন রিয়াজের সঙ্গে। এ ছাড়া মান্না, শাকিব খান, ফেরদৌস, আমিন খান, রুবেল, কাজী মারুফ ও আরিফিন শুভসহ দেশের প্রায় সব শীর্ষ নায়কের বিপরীতে অভিনয় করেছেন। বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুভা’ ও ‘শাস্তি’ এবং রাবেয়া খাতুনের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে নির্মিত সাহিত্যনির্ভর চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসিত হন। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। উপস্থাপক ও নাট্যশিল্পী হিসেবেও সফল পূর্ণিমা। জাহিদ হাসান পরিচালিত ধারাবাহিক ‘লাল নীল বেগুনী’ নাটকে অভিনয় করেও আলোচনায় আসেন।

স্টুডিওতে অপেক্ষা করছিল আরও একটি চমক। সেখানে তাঁকে স্বাগত জানান সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। এরপর একটি আড্ডাভিত্তিক অনুষ্ঠানে অংশ নেন দুজন। অভিনয়জীবনের শুরু, স্মরণীয় চলচ্চিত্র, প্রিয় সহশিল্পী, প্রিয় গান ও পছন্দের খাবার থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা অজানা গল্প উঠে আসে সেই আলাপচারিতায়।

শেষ চমকটি ছিল জন্মদিনের কেকে। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে সঙ্গে নিয়ে কেক কাটতে গিয়ে কেকের ভেতর থেকে বেরিয়ে আসে একটি ছোট বাক্স। বাক্সটিতে কী ছিল, তা এখনই প্রকাশ করা হয়নি।

তবে বিশেষ সেই উপহার পেয়ে দারুণ খুশি হন পূর্ণিমা। তাঁর ভাষায়, আয়োজনটি হয়ে থাকবে স্মরণীয়।
ইফতেখার মুনিমের প্রযোজনায় ‘জোছনার ওপারে পূর্ণিমা’ অনুষ্ঠানটি আজ শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।