ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে মরক্কোর বিদায়ে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। গ্যালারিতে বসে তাঁর চোখের পানি মোছার একটি ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ম্যাচ চলাকালীন গ্যালারিতে লাল রঙের মরক্কোর জার্সি পরে নিজের দেশের সমর্থনে উপস্থিত ছিলেন নোরা। তবে ম্যাচ শেষে মরক্কোর পরাজয় নিশ্চিত হওয়ার পর তাঁকে অশ্রুসিক্ত অবস্থায় দেখা যায়। এ সময় পাশে থাকা এক বন্ধু তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মাঝে এটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
গত কয়েক বছর ধরে ফিফা বিশ্বকাপের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন নোরা ফাতেহি। এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করেছেন তিনি। এছাড়া তাঁর অফিশিয়াল বিশ্বকাপ গান ‘সির সিরি’ টুর্নামেন্টজুড়েই বেশ আলোচনায় ছিল।
বিশ্বকাপ চলাকালে ডালাসে নিজের এক বিশেষ অভিজ্ঞতার কথা সম্প্রতি শেয়ার করেছেন এই তারকা। তাঁর মতে, স্টেডিয়ামে বসে সরাসরি ম্যাচ দেখা তাঁর জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। গ্যালারিতে অনেক ভারতীয় সমর্থককে মরক্কোর জার্সি পরে উল্লাস করতে দেখে তিনি অভিভূত হন।
সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে নোরা বলেন, ভারতীয় সমর্থকেরা তাঁকে জড়িয়ে ধরেছেন, ছবি তুলেছেন এবং মরক্কোর প্রতি তাঁদের সমর্থনের মাধ্যমে তাঁকে গর্বিত অনুভব করিয়েছেন। ডালাসে মরক্কোর প্রতি সমর্থন জানানো ভারতীয় ভক্তদের প্রতি তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
উল্লেখ্য, নোরা ফাতেহি জন্মসূত্রে মরক্কোর নাগরিক হলেও বড় হয়েছেন কানাডায় এবং বর্তমানে ভারতে নিজের ক্যারিয়ার গড়েছেন। বিভিন্ন সময়েই তিনি মরক্কো ও ভারতের প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা প্রকাশ করেছেন।
ইন্ডিয়া টুডে অবলম্বনে।






