যাত্রীদের চলাচলের পথ নির্বিঘ্ন করতে রাজধানীর মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। ডিএমটিসিএল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্টেশন সংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তার প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত অবৈধ স্থাপনা ও দখল অপসারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডিএমটিসিএলের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। এতে ডিএমটিসিএলের পাশাপাশি অংশ নেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‍্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ।

অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক। এই কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে স্টেশন এলাকায় যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই অবৈধ দখল অপসারণ করা হয়েছে। একই বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মোট চারটি স্টেশনের নিচে উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএমটিসিএল।