রামোজি ফিল্ম সিটিতে শুটিং চলাকালীন বিষাক্ত পোকার কামড়ে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ার খবর ছড়িয়েছিল অভিনেতা রাজেশ শর্মার। গত বুধবার থেকে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে এই দাবি করা হয় এবং জানানো হয় যে, তিনি বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তবে অসুস্থতার খবরটি সত্য হলেও পোকার কামড়ের বিষয়টি সম্পূর্ণ গুজব বলে দাবি করেছেন অভিনেতার ম্যানেজার শুভাশিস পান্ডে।
শুক্রবার মুক্তকণ্ঠের মুম্বাই প্রতিনিধিকে শুভাশিস পান্ডে স্পষ্ট করে বলেন, ‘দাদাকে (রাজেশ শর্মা) কখনোই পোকামাকড় কামড়ায়নি। জানি না এসব খবর কে বা কারা রটাচ্ছে।’
অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, ‘হায়দরাবাদ থেকে দাদা গত বৃহস্পতিবার শুটিং সেরে কলকাতায় ফিরেছেন। রোববার ওনাকে কেএমডিএ হাসপাতালে ভর্তি করা হয়। কারণ, ওনার হাই সুগার আছে। সে কারণে পা ফুলে গেছে। উনি আইসিইউতে নেই। এখন অনেকটাই ভালো। আগামীকাল সম্ভবত ওনাকে হাসপাতালে থেকে ডিসচার্জ করবে। ওনার পায়ে সংক্রমণ বা ফুসফুসে সংক্রমণ হয়নি।’
অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। শুটিং সেটে কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং জরুরি চিকিৎসা সংক্রান্ত নিয়মকানুন যথাযথভাবে পালন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে সংগঠনটি। তবে অভিনেতার ম্যানেজার এই পুরো বিষয়টি ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন।






