বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার ডিপফেক ভিডিও, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ছবি এবং বিকৃত (মরফড) কনটেন্ট ও ভিডিও ইন্টারনেট থেকে দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছেন, এ ধরনের কনটেন্ট কোনো ব্যক্তির মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মগুলোর এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে মন্তব্য করেছেন আদালত।

সম্প্রতি নিজের নামে ছড়িয়ে পড়া এআই প্রযুক্তির অপব্যবহার রুখতে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন প্রীতি জিনতা। আবেদনে তিনি অভিযোগ করেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে তাঁর ছবি বিকৃত করে ডিপফেক ভিডিও ও আপত্তিকর কনটেন্ট প্রচার করা হচ্ছে। এসব কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলার পাশাপাশি ভবিষ্যতে তাঁর অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ব্যবহার নিষিদ্ধ করার আবেদন জানান তিনি। প্রীতির দায়ের করা এই মামলায় গুগল, মেটাসহ একাধিক প্রযুক্তি সংস্থা এবং নির্দিষ্ট কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও ব্যক্তির নাম উল্লেখ করা হয়।

গত বুধবার বিচারপতি মাধব জামদারের একক বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত অবিলম্বে ইন্টারনেটে থাকা প্রীতির সব ভুয়া ভিডিও, মরফড ছবি ও অনুমতি ছাড়া তৈরি করা কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেন।

রায়ে আদালত পর্যবেক্ষণ দেন যে, কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তাঁর ছবি বা পরিচয় ব্যবহার করে এ ধরনের ভুয়া কনটেন্ট তৈরি ও প্রচার করা তাঁর মৌলিক অধিকারের পরিপন্থী। অনলাইন প্ল্যাটফর্মগুলোকে সতর্ক করে আদালত বলেন, এ ধরনের অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া তাদের দায়িত্ব। সময়মতো পদক্ষেপ না নিলে নাগরিকদের অধিকার ক্ষুণ্ন হওয়ার দায় তাদেরও বহন করতে হবে।

আদালতে প্রীতি জিনতার আইনজীবী জানান, প্রায় ২৭৫টি ওয়েবসাইটে অভিনেত্রীর নামে এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও ও ছবি ছড়িয়ে রয়েছে। এসব কনটেন্টে অভিনেত্রীর চেহারা ও ব্যক্তিত্বের অপব্যবহার করা হয়েছে, যা তাঁর দীর্ঘদিনের অর্জিত ভাবমূর্তি ও সুনামের অপূরণীয় ক্ষতি করতে পারে।

আদালত তাঁর পর্যবেক্ষণে আরও বলেন, প্রীতি জিনতা গত ২৫ বছরের বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রশিল্পে কাজ করছেন এবং নিজের একটি শক্তিশালী পরিচিতি গড়ে তুলেছেন। তাই তাঁর ছবি ও পরিচয়ের অননুমোদিত ব্যবহার তাঁর ব্যক্তিত্বের অধিকার, প্রচারসংক্রান্ত অধিকার এবং নৈতিক অধিকার লঙ্ঘন করে। রায়ে উল্লেখ করা হয়, বিষয়টি ভারতের সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে বর্ণিত মতপ্রকাশের স্বাধীনতা এবং ২১ নম্বর অনুচ্ছেদে নিশ্চিত জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের সঙ্গেও সরাসরি সম্পর্কিত।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা। আমির খান প্রযোজিত ‘বাটওয়ারা ১৯৪৭’ ছবির মাধ্যমে তাঁর এই প্রত্যাবর্তন হতে যাচ্ছে। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন সানি দেওল, শাবানা আজমি ও আলি ফজলসহ আরও অনেকে। ছবিটি আগামী ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।