রাজধানীর পোস্তগোলায় বুড়িগঙ্গা প্রথম সেতুতে এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেলের পেছনে বসা আরোহী আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম হুমায়ুন কবির (২৩), তিনি পেশায় একজন মুদিদোকানের কর্মচারী ছিলেন। আহত আরোহী সোহেল (২২) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। আজ শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনা দিয়ে নিহত হুমায়ুনের বন্ধু মানিক হাওলাদার জানান, গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা কয়েকজন বন্ধু মিলে একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল নিয়ে মুন্সিগঞ্জের মাওয়ায় গিয়েছিলেন। সেখানে ইলিশ পোলাও খাওয়ার পর আজ ভোরে তাঁরা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। হুমায়ুন একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং পেছনে বসেছিলেন সোহেল। পোস্তগোলায় বুড়িগঙ্গা প্রথম সেতুতে তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি ট্রাক বা কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, "সকাল পৌনে ছয়টার দিকে হুমায়ুন ও সোহেলকে আনা হয়। পরীক্ষা–নিরীক্ষা শেষে হুমায়ুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।"
পুলিশ আরও জানায়, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত সোহেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত হুমায়ুন রাজধানীর কলাবাগানে থাকতেন, তবে তাঁর পৈতৃক নিবাস চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়। তাঁর বাবার নাম মিজানুর রহমান পাটোয়ারী।