অ্যানিমেশন জগতের অন্যতম জনপ্রিয় নাম ‘মোয়ানা’। ২০১৬ সালে ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে প্রায় ৭০০ মিলিয়ন ডলার আয় করে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০২৪ সালের নভেম্বরে এর সিকুয়েল ‘মোয়ানা ২’ পূর্বের সাফল্যকে ছাড়িয়ে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে। ভক্তদের সেই উন্মাদনা বজায় রাখতে এবার পর্দায় আসছে ‘মোয়ানা’র লাইভ-অ্যাকশন সংস্করণ।

টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের এই সিনেমাটি গত ১০ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি পাওয়ার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। এবারের সংস্করণে অ্যানিমেশনের পাশাপাশি মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন বাস্তবের শিল্পীরা।

লাইভ-অ্যাকশন মোয়ানার অন্যতম আকর্ষণ হলো ‘মাউই’ চরিত্রটি, যেখানে অভিনয় করেছেন ডোয়াইন জনসন। উল্লেখ্য, ২০১৬ সালের অ্যানিমেটেড সংস্করণেও এই চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনি। দীর্ঘ এক দশক পর সরাসরি ক্যামেরার সামনে এই চরিত্রে অভিনয় করাকে নিজের ক্যারিয়ারের এক অনন্য অভিজ্ঞতা হিসেবে দেখছেন এই অভিনেতা।

এক সাক্ষাৎকারে ‘মাউই’ চরিত্র নিয়ে আবেগপ্রবণ হয়ে ডোয়াইন জনসন বলেন, ‘লাইভ অ্যাকশনে মাউই চরিত্রে অভিনয় করা আমার ক্যারিয়ারের অন্য সব কাজ থেকে একদম আলাদা। পর্দায় যখন রক্ত-মাংসের মানুষের মাধ্যমে আমাদের পলিনেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ ফুটে ওঠে, তখন অনুভূতিটাই বদলে যায়।’

জনসন আরও জানান, গত এক দশকে বাবা হিসেবে তাঁর জীবনের নানা অভিজ্ঞতা এই চরিত্রটিকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। বিশেষ করে ‘মাউই’ চরিত্রের মাঝে তিনি নিজের দাদার প্রতিচ্ছবি খুঁজে পান। অন্যদিকে, বিশ্বজুড়ে ৩২ হাজার আবেদনকারীর মধ্য থেকে অডিশনের মাধ্যমে প্রধান নারী চরিত্র ‘মোয়ানা’ হিসেবে বেছে নেওয়া হয়েছে নবাগত ক্যাথরিন লাগাইয়াকে। পরিচালক টমাস কাইল জানান, প্রথম অডিশনেই ‘হাউ ফার আই’ল গো’ গানটি গেয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন ক্যাথরিন।

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া সামোয়ান বংশোদ্ভূত ক্যাথরিন লাগাইয়া নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, মোয়ানা এমন একজন আদর্শ যিনি তাঁর শৈশবের সঙ্গী ছিলেন। এই অভিনেত্রী বিশ্বাস করেন মোয়ানার সাহস, কৌতূহল ও উচ্চাকাঙ্ক্ষা তাঁকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলতেও সাহায্য করেছে।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে সাহসী কিশোরী মোয়ানাকে কেন্দ্র করে, যে নিজের দ্বীপ ও জনগণকে রক্ষায় এক বিপজ্জনক সমুদ্রযাত্রায় বের হয়। তার সঙ্গী হয় শক্তিশালী কিন্তু অহংকারী অর্ধদেবতা মাউই। মূল গল্পের আবেগ, দায়িত্ববোধ এবং আত্মপরিচয় খুঁজে পাওয়ার বিষয়গুলো লাইভ-অ্যাকশন সংস্করণেও অক্ষুণ্ণ রাখা হয়েছে।