মরক্কোর বিপক্ষে দুর্দান্ত জয়ে ফ্রান্সকে সেমিফাইনালের টিকিট এনে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৬০ মিনিটে চোখধাঁধানো এক গোল করার পর ৬৬ মিনিটে উসমান দেম্বেলেকে দিয়ে দলের দ্বিতীয় গোলটিও করান তিনি। তবে ম্যাচের ৭৭ মিনিটে হঠাৎ চোট পেয়ে এই তারকার মাঠ ছাড়ার দৃশ্য ফরাসি শিবিরে কিছুটা উদ্বেগের সৃষ্টি করেছিল।
ম্যাচ শেষে নিজের শারীরিক অবস্থা নিয়ে সমর্থকদের আশ্বস্ত করেছেন এমবাপ্পে নিজেই। চোট গুরুতর নয় জানিয়ে তিনি বলেন, ‘আমার গোড়ালিতে একটু আঘাত লেগেছিল, তবে আমি ঠিক আছি। সেই সময় শেষ কয়েক মিনিট খেলার জন্য জেপি (জ্যঁ-ফিলিপ মাতেতা) আমার চেয়ে ভালো অবস্থায় ছিল।’
ফরাসি অধিনায়কের সমস্ত ভাবনা এখন সেমিফাইনালকে ঘিরে। আজ রাতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। এই হাই ভোল্টেজ ম্যাচের জয়ী দলের বিপক্ষেই আগামী ১৪ জুলাই ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ফ্রান্স।
মরক্কোকে ২–০ গোলে হারিয়ে শেষ চারে পা রাখার পর দলের সাফল্যের নেপথ্য কারণ ব্যাখ্যা করেছেন এমবাপ্পে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘এই ফ্রান্স দলের সাফল্যের রহস্য কী? স্বস্তি পাওয়ার একটাই উপায়—জয়। যতক্ষণ না আমরা জিতছি, ততক্ষণ আমরা একটুও ছাড় দিই না।’
সামনে এখন বড় অর্জনের হাতছানি। সেমিফাইনালের কঠিন চ্যালেঞ্জ নিয়ে প্রতিপক্ষকে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ফরাসি অধিনায়ক। এমবাপ্পে বলেন, ‘আমরা সেমিফাইনালে উঠেছি, এতে আমরা খুবই আনন্দিত। কিন্তু এখনো অনেক পথ বাকি। আমরা জানি, সামনে যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে, সেগুলো আমরা এত দিন যেগুলোর মুখোমুখি হয়েছি, তার চেয়েও কঠিন হবে। তবে আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।’






