লন্ডনের মাটিতে আবারও সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করল দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত মিউজিক ব্যান্ড বিটিএস। ইংল্যান্ডের টটেনহাম হটস্পার স্টেডিয়ামে টানা দুই দিনের কনসার্টে প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শক উপস্থিতির মাধ্যমে ইতিহাস গড়েছে দলটি। স্টেডিয়ামটিতে আয়োজিত যেকোনো কনসার্টের ইতিহাসে প্রতি শোতে সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড এখন বিটিএসের দখলে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিটিএসের এজেন্সি বিগ হিট মিউজিক। সংস্থাটি জানায়, গত সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত বিটিএসের ‘আরিরাং’ বিশ্বসফরের লন্ডন পর্বের দুটি কনসার্টই ছিল হাউসফুল।
কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান লাইভ নেশন জানিয়েছে, ২০১৯ সালের এপ্রিলে টটেনহাম হটস্পার স্টেডিয়াম উদ্বোধনের পর থেকে সেখানে অনুষ্ঠিত কোনো কনসার্টে প্রতি শোতে এত বেশি দর্শক আগে হয়নি।
লন্ডনের মাটিতে বিটিএসের এমন সাফল্য এবারই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে ‘লাভ ইয়োরসেলফ’ বিশ্বসফরের অংশ হিসেবে ওয়েম্বলি স্টেডিয়ামে কনসার্ট করে ইতিহাস গড়েছিল এই কোরিয়ান ব্যান্ড। সেই সময় ওয়েম্বলিতে একক কনসার্ট করা প্রথম কোরিয়ান শিল্পী হিসেবে নাম লিখিয়েছিল তারা। দীর্ঘ সাত বছর পর আবারও লন্ডনে ফিরে নতুন এই রেকর্ড নিজেদের ঝুলিতে ভরল দলটি।
দুই দিনের এই কনসার্টে নতুন অ্যালবামের গানগুলোর পাশাপাশি বিটিএস পরিবেশন করে তাদের জনপ্রিয় পুরোনো গানগুলোও। নতুন অ্যালবাম থেকে গাওয়া হয় ‘হুলিগান’, ‘নরমাল’ ও ‘বডি টু বডি’। এ ছাড়া দর্শকদের মাতাতে ছিল ‘আইডল’ ও ‘ফায়ার’-এর মতো বিশ্বজুড়ে জনপ্রিয় গান।
লন্ডন পর্ব শেষ করে বিটিএসের পরবর্তী গন্তব্য এখন জার্মানির মিউনিখ। আগামী শনি ও রোববার আলিয়াঞ্জ অ্যারেনায় দুটি কনসার্ট করবে দলটি। এরপর তারা যাবে ফ্রান্সের প্যারিসে। সেখানে ১৭ ও ১৮ জুলাই দুটি কনসার্ট শেষে ১৯ জুলাই ফিফা বিশ্বকাপ ফাইনালের প্রথম হাফ টাইম শোতে পারফর্ম করার কথা রয়েছে বিটিএসের।
কোরিয়া হেরাল্ড অবলম্বনে।






