চলচ্চিত্রগ্রাহকদের (সিনেমাটোগ্রাফার) কাছ থেকে ‘মিশুক মুনীর স্মৃতি সম্মাননা ২০২৬’-এর জন্য চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। লিলি-মুনীর মেমোরিয়াল ট্রাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশে সম্প্রচার সাংবাদিকতা ও চলচ্চিত্রধারণের মানোন্নয়নে উৎসাহিত করতে ২০২৩ সালে এই সম্মাননা প্রদান শুরু হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ বছর লিলি-মুনীর মেমোরিয়াল ট্রাস্ট ২০২৪-২৫ সালের সেরা একজন চলচ্চিত্রগ্রাহককে (সিনেমাটোগ্রাফার) এই বিশেষ সম্মাননা জানাবে।
অভিজ্ঞ বিচারক প্যানেলের বিবেচনার জন্য আগামী ২৩ আগস্টের মধ্যে আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শর্ত অনুযায়ী, একজন ব্যক্তি কেবল একটি চলচ্চিত্রের জন্যই আবেদন করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৪ সেপ্টেম্বর মিশুক মুনীরের জন্মদিবসে আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং বিজয়ী ব্যক্তি এক লাখ টাকা সম্মাননা পাবেন।
আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া হিসেবে জানানো হয়েছে, আবেদনকারীকে অবশ্যই ১৮ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশের নাগরিক হতে হবে। বড় বা ছোট পর্দার যেকোনো মাধ্যমে প্রস্তুত এবং দর্শকের জন্য সহজলভ্য কাহিনিচিত্র হতে হবে। চলচ্চিত্রের দৈর্ঘ্য মুক্ত রাখা হয়েছে এবং এটি ২০২৪-২৫ সালে প্রস্তুত হতে হবে। চূড়ান্ত নির্বাচনের ক্ষেত্রে কাহিনির অর্থবহ দৃশ্যমানতা, কারিগরি দক্ষতা, নান্দনিকতা ও মানবিক মূল্যবোধ বিবেচনা করা হবে।
আবেদন করতে নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ নির্ধারিত ঠিকানায় বা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংক্ষিপ্ত জীবনী, চলচ্চিত্রগ্রাহক বা ডিওপি হিসেবে কর্মবৃত্তান্ত, চলচ্চিত্রের সারসংক্ষেপ ও লগ লাইন যুক্ত করতে হবে। অনলাইনে চলচ্চিত্রের লিংক পাঠানোর ই-মেইল ঠিকানা: [email protected]। এছাড়া ইউএসবি স্টিক পৌঁছে দেওয়ার ঠিকানা: বাড়ি ১০৭, সড়ক ৪, ব্লক এ, বনানী, ঢাকা ১২১৩। আগ্রহীদের কোনো প্রশ্ন থাকলে তা ই-মেইলের মাধ্যমে পাঠানো যাবে।






