আষাঢ়ের মেঘলা বিকেলে সুরের মূর্ছনায় সিক্ত হলো মুক্তকণ্ঠ কার্যালয়। কাজের ব্যস্ততার মাঝে কর্মীদের কিছুটা বিনোদন দিতে নিয়মিত আয়োজন ‘মিউজিক@ডেস্ক’-এর বিশেষ আসরে আজ অতিথি হয়ে এসেছিলেন বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমদ লিসা।

অনুষ্ঠানের শুরুতেই শিল্পী গেয়ে শোনান ‘বাদল–দিনের প্রথম কদম’। গানটি শুরুর আগে এর প্রেক্ষাপট বর্ণনা করে লিসা বলেন, “রবীন্দ্রনাথের তখন ৭৮ বছর বয়স। শান্তিনিকেতনে বর্ষামঙ্গলের মহড়া চলছে। শৈলজানন্দ মজুমদার কবিকে গিয়ে বললেন, ছেলেমেয়েরা নতুন গান তুলতে চায়, পুরোনো গান গাইতে চাইছে না। পরদিন গানটি লিখে দেন কবি।”

এরপর তিনি পরিবেশন করেন ‘মন মোর মেঘের সঙ্গী’। পুরো আয়োজনে লিসা মোট সাতটি গান পরিবেশন করেন, যার মধ্যে পাঁচটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের এবং দুটি অতুলপ্রসাদ সেনের। বিশেষ করে যন্ত্রানুষঙ্গ ছাড়াই যখন তিনি ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’ গাইতে শুরু করেন, তখন ১৩ তলাজুড়ে শিল্পীর খালি গলার জাদুতে এক মায়াবী পরিবেশ তৈরি হয়। মাঝে তিনি গেয়ে শোনান অতুলপ্রসাদ সেনের ‘কে গো গাহিলে পথে’ ও ‘জল বলে চল’। সবশেষে রবীন্দ্রনাথের ‘চিনিলে না আমারে’ গানের মধ্য দিয়ে শেষ হয় এই সুরের আসর।

ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিল্পী। লাইসা আহমদ লিসা বলেন, ‘একটা কাজের জায়গায় এ রকম সুন্দর একটা আয়োজন করা সম্ভব, সেটা মুক্তকণ্ঠই পারল। আমার জন্য অভিনব অভিজ্ঞতা। কৃতজ্ঞতা জানাচ্ছি।’

উল্লেখ্য, এই আয়োজনটি গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১৮ ডিসেম্বর মুক্তকণ্ঠ ও ছায়ানটে উগ্রবাদীদের হামলার কারণে তা পিছিয়ে যায়। সেই দুঃসহ স্মৃতি স্মরণ করে শিল্পী বলেন, ‘আপনারা সবাই জানেন, আমরা একটি সংক্ষুব্ধ, বিক্ষুব্ধ তাণ্ডবের মধ্য দিয়ে গেছি। কিন্তু আমরা সবাই ফিরে দাঁড়িয়েছি। আজকে আবারও হতে পারল, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মুক্তকণ্ঠের সবাইকে কৃতজ্ঞতা জানাই।’

অনুষ্ঠান শেষে শিল্পীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুক্তকণ্ঠ সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, “ছায়ানটের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।”

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তকণ্ঠের হেড অব কালচারাল প্রোগ্রাম কবির বকুল। প্রতি মাসে একবার করে এই সংগীত আসরের আয়োজন করে আসছে মুক্তকণ্ঠ। এর আগে এই মঞ্চে গান শুনিয়েছেন রফিকুল আলম, অদিতি মহসিন, হায়দার হোসেন, বাপ্পা মজুমদার, রাহুল আনন্দ, কৃষ্ণকলি ইসলাম, কনক আদিত্য, ফারজানা ওয়াহিদ সায়ান, নবনীতা চৌধুরী, নাফিস কামাল, আহমেদ হাসান সানি ও ঋতুরাজ বৈদ্য।