আজ ছোট পর্দার জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের জন্মদিন। তবে জীবনের এই বিশেষ দিনটি চিরাচরিত উৎসবের বদলে এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে উদযাপন করছেন তিনি। নিজের ৩০তম জন্মদিনে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বুকে ৩০০টি ম্যানগ্রোভ বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।

পরিবেশ সংরক্ষণ এবং টেকসই জীবনযাপনের গুরুত্ব সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই তার এই বিশেষ প্রয়াস। সুন্দরী ইকো রিসোর্টের সক্রিয় সহযোগিতায় সুন্দরবনে এই বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়।

নিজের এই উদ্যোগ প্রসঙ্গে চমক বলেন, ‘আমরা সবাই প্রকৃতির অংশ। পরিবেশের যত কাছাকাছি থাকা যায়, জীবন তত সুন্দর হয়। একটা সময় পর শহরের ইট-পাথর আর ভালো লাগে না। মানুষ যত শহর ছেড়ে প্রকৃতির দিকে ফিরবে, জীবন তত অর্থবহ হবে।’

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সুন্দরবনের অপরিসীম ভূমিকার কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘সুন্দরবন আমাদের এক বিশাল সম্পদ, যা বুক পেতে আমাদের সব প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। কিন্তু নানা কারণে আমাদের এই বনের আয়তন ছোট হয়ে আসছে, বন্য প্রাণীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমি সবাইকে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আমাকে যাঁরা ভালোবাসেন বা ফলো করেন, তাঁদের কাছে এই বার্তা পৌঁছানো আমার একটি লক্ষ্য ছিল।’