নির্ধারিত সময়ের মধ্যে অনুদান ঘোষণা না হওয়া নিয়ে চলমান আলোচনার মধ্যেই অবশেষে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন কমিটির বিষয়ে জানানো হয়।
‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা, ২০২৫ (সংশোধিত)’ অনুযায়ী গঠিত এই কমিটিতে মোট ১১ জন সদস্য রয়েছেন। কমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে স্থান পেয়েছেন প্রযোজক সরদার সানিয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন এবং অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তি।
পদাধিকারবলে এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (চলচ্চিত্র)। কমিটির অন্য সদস্যরা হলেন—তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক।
উল্লেখ্য, গত ২ জুলাই মুক্তকণ্ঠতে ‘কমিটিই হয়নি, আটকে আছে চলচ্চিত্রের অনুদান’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয়েছিল যে, সাধারণত জুনের মধ্যে সরকারি অনুদান ঘোষণার রীতি থাকলেও কমিটি গঠিত না হওয়ায় ২০২৫–২৬ অর্থবছরের অনুদান ঘোষণা করতে পারেনি সরকার। সেই সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে আলোচনার সৃষ্টি হয় এবং এর প্রেক্ষিতেই নতুন এই কমিটি ঘোষণা করা হলো।






