চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর প্রথম গান ‘তাবাহি’ মুক্তি পেয়েছে। গতকাল গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যশ ও কিয়ারা আদভানির পর্দার রসায়ন একদিকে যেমন প্রশংসা কুড়াচ্ছে, অন্যদিকে ঘনিষ্ঠ দৃশ্যের আধিক্য নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।

বিশাল মিশ্রের কণ্ঠ ও সুরে এই রোমান্টিক গানে যশ ও কিয়ারাকে একে অপরের প্রতি গভীরভাবে আসক্ত দেখা গেছে। গানের দৃশ্যায়নে দেখা যায়, গির্জার বাইরে কিয়ারাকে কোলে তুলে নিচ্ছেন যশ। এরপর সার্কাসের মঞ্চের পেছনে তাঁদের চুম্বনরত অবস্থায় দেখা যায়। এছাড়া গাড়ির ভেতর ও সমুদ্রসৈকতেও তাঁদের বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্ত চিত্রায়িত হয়েছে। গানের শেষ দৃশ্যে দেখা যায় আগুনে পুড়তে থাকা একটি কার্নিভ্যালের ফেরিস হুইলে দুজনকে।

গানটি প্রকাশের পর অনেক দর্শকই এই জুটির রসায়নের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘অনেক দিন পর এমন একটি তীব্র প্রেমের গল্প দেখলাম, যেখানে ঘনিষ্ঠ দৃশ্যগুলো শুধু সস্তা প্রচারণার জন্য নয়; বরং আবেগও রয়েছে।’ আরেকজনের মন্তব্য, ‘“টক্সিক”-এর এখন পর্যন্ত প্রকাশিত কনটেন্টগুলোর মধ্যে ‘তাবাহি’–ই প্রথম, যেটি পর্দায় সত্যিকারের আবেদন তৈরি করেছে। দৃশ্যগুলো সাহসী হলেও কোথাও অশালীন নয়। কিয়ারা যেন স্বপ্নের মতো লাগছে।’

পর্দায় যশের নতুন লুক ও শরীরী ভাষাও দর্শকদের নজর কেড়েছে। একজন লিখেছেন, ‘আগের কোনো ছবির সঙ্গে তাঁর অভিব্যক্তি বা শরীরী ভাষার মিল নেই। একেবারে নতুন লেগেছে।’ অন্য এক দর্শক মন্তব্য করেছেন, ‘পর্দায় আকর্ষণীয় দেখানো আর অশালীন হয়ে ওঠার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। সৌভাগ্যবশত ‘তাবাহি’সেই সীমা অতিক্রম করেনি।’ যশ ও কিয়ারার রসায়ন নিয়ে আরেকজনের ভাষ্য, ‘যশ ও কিয়ারার রসায়ন অসাধারণ। সবচেয়ে ভালো বিষয় হলো, এটি কোথাও অশালীন মনে হয়নি।’

তবে ইতিবাচক মন্তব্যের পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছে গানটি। ভিডিওতে ঘনিষ্ঠ দৃশ্যের আধিক্য নিয়ে প্রশ্ন তুলে একজন মন্তব্য করেছেন, ‘“কেজিএফ”-এর পর এটা বড় হতাশা। একটি ব্লকবাস্টারের পর অহংকার বেড়ে গেলে এমনই হয়। পুরো পরিবার, বিশেষ করে শিশুদের নিয়ে বসে দেখার মতো ছবি এটি হবে না।’ গল্পের গভীরতা নিয়ে প্রশ্ন তুলে আরেকজন লিখেছেন, ‘এখন পর্যন্ত ছবির সব প্রচারেই শুধু প্রেম আর প্রতারণার ইঙ্গিত। গল্পটা কোথায়?’

গীতু মোহনদাস পরিচালিত ও যশের সঙ্গে যৌথভাবে লেখা এই সিনেমায় আরও অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। এর আগে ছবিটির প্রথম টিজার প্রকাশের পরও বিতর্ক তৈরি হয়েছিল। টিজারের কিছু দৃশ্যকে অনেকেই ‘অতিরিক্ত অশালীন’ ও ‘যৌন আবেদননির্ভর’ বলে সমালোচনা করেছিলেন। সব আলোচনা-সমালোচনার মধ্যেই আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর।