তিন দেশে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া এবারের বিশ্বকাপের পর্দা নামছে আগামী ১৯ জুলাই। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। মাঠের লড়াইয়ের পাশাপাশি সমাপনী আয়োজনেও থাকছে বড় চমক। জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার, দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস এবং ল্যাটিন সম্রাজ্ঞী শাকিরার মতো বিশ্বখ্যাত তারকারা ফাইনালে বিশেষ পারফরম্যান্স করবেন।

বাংলাদেশ সময় ১৯ জুলাই দিবাগত রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হবে। ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, ফাইনালের বিরতিতে আয়োজিত ‘হাফ টাইম শো’-তে মঞ্চ মাতাবেন জাস্টিন বিবার। তাঁর সঙ্গে আরও থাকছেন পপ কুইন ম্যাডোনা, শাকিরা এবং বিশ্বজুড়ে জনপ্রিয় ব্যান্ড বিটিএস।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ফাইনালের মধ্যাহ্ন বিরতিতে ১১ মিনিটের একটি বিশেষ পরিবেশনা অনুষ্ঠিত হবে। ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে এই পুরো আয়োজনটি সাজানো হয়েছে। এই আয়োজনের মূল লক্ষ্য হলো ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর জন্য ১০ কোটি ডলার তহবিল সংগ্রহ করা। সংগৃহীত এই অর্থ বিশ্বের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধিতে ব্যয় করা হবে।

বিশ্বকাপের এই মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত জাস্টিন বিবার। তিনি বলেন, ‘ফিফা বিশ্বকাপের মতো এমন আয়োজনের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। এর চেয়েও বড় বিষয় হলো, এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের শিশুদের শিক্ষায় সহায়তা করা হচ্ছে।’

হাফ টাইম শো-তে আরও পারফর্ম করবেন নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা বার্না বয় এবং নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোরাস দল ‘পিএস২২ কোরাস’। এই কোরাস দলের সঙ্গে মঞ্চে যোগ দেবে কোল্ডপ্লেও।

চলতি বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘ডাই ডাই’-এর অন্যতম শিল্পী বার্না বয় নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ফিফা বিশ্বকাপ এমন কয়েকটি মুহূর্তের একটি, যা সত্যিকার অর্থেই পুরো বিশ্বকে এক করে দেয়। ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফ টাইম শোতে আফ্রিকার প্রতিনিধিত্ব করা আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্ব। আমি এই দায়িত্বকে মোটেও হালকাভাবে নিচ্ছি না।’

সংগীত তারকাদের পাশাপাশি ফিফা আরও জানিয়েছে, জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর মাপেট চরিত্র কারমিট দ্য ফ্রগ ও মিস পিগিকেও এই আয়োজনে দেখা যাবে।