টেলিভিশন জগতের অস্কার হিসেবে পরিচিত মর্যাদাপূর্ণ ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার ঘোষিত এই তালিকায় বাজিমাত করেছে এইচবিও ম্যাক্সের মেডিক্যাল ড্রামা ‘দ্য পিট’। এবারের আসরে সর্বোচ্চ ২৫টি বিভাগে মনোনয়ন পেয়ে তালিকার শীর্ষে রয়েছে সিরিজটি।

কমেডি বিভাগেও নতুন ইতিহাস গড়েছে একই প্ল্যাটফর্মের সিরিজ ‘হ্যাকস’। ২৪টি মনোনয়ন পেয়ে এটি এখন এমি ইতিহাসে কোনো কমেডি সিরিজের জন্য সর্বোচ্চ মনোনয়নের রেকর্ডধারী। আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

নতুন সিরিজগুলোর মধ্যে অ্যাপল টিভির ‘উইডোজ বে’ ১৯টি এবং ‘প্লুরিবাস’ ১৮টি মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছে। এছাড়া সীমিত সিরিজ বিভাগে ১৬টি মনোনয়ন নিয়ে আধিপত্য ধরে রেখেছে নেটফ্লিক্সের ‘বিফ’-এর দ্বিতীয় কিস্তি। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর লড়াইয়ে এবারও এইচবিও ম্যাক্স এগিয়ে রয়েছে। ‘দ্য পিট’, ‘হ্যাকস’ ও ‘ডিটিএফ সেন্ট লুইস’-এর সাফল্যে প্রতিষ্ঠানটি সব মিলিয়ে ১২২টি মনোনয়ন পেয়েছে। অন্যদিকে সম্প্রচারমাধ্যমগুলোর মধ্যে এনবিসির ‘স্যাটারডে নাইট লাইভ’ পেয়েছে ১১টি মনোনয়ন।

সেরা ড্রামা সিরিজের দৌড়ে ‘দ্য পিট’ ও ‘প্লুরিবাস’-এর সঙ্গে লড়বে ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘দ্য গিলডেড এজ’, ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’, ‘প্যারাডাইস’, ‘স্লো হর্সেস’ ও ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’। কমেডি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘অ্যাবট এলিমেন্টারি’, ‘দ্য বেয়ার’, ‘হ্যাকস’, ‘মার্গোস গট মানি ট্রাবলস’, ‘নোবডি ওয়ান্টস দিস’, ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’, ‘শ্রিঙ্কিং’ ও ‘উইডোজ বে’। সেরা অ্যানথোলজি বা সীমিত সিরিজ বিভাগে মনোনীত হয়েছে ‘অল হার ফল্ট’, ‘দ্য বিস্ট ইন মি’, ‘বিফ’, ‘ডিটিএফ সেন্ট লুইস’ এবং ‘লাভ স্টোরি: জন এফ কেনেডি জুনিয়র অ্যান্ড ক্যারোলিন বেসেট’।

অভিনয় বিভাগে ড্রামায় সেরা অভিনেতার তালিকায় আছেন স্টার্লিং কে ব্রাউন, গ্যারি ওল্ডম্যান, মার্ক রাফালো, রুফাস সিওয়েল ও নোয়া ওয়াইলি। এই বিভাগে সেরা অভিনেত্রীর লড়াই হবে ক্যারি কুন, চেজ ইনফিনিটি, কেরি রাসেল, রিয়া সিহর্ন ও জেনডায়ার মধ্যে। কমেডি বিভাগে সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন স্টিভ ক্যারেল, মার্টিন শর্ট, জেসন সিগেল, ইয়াহিয়া আবদুল-মাতিন দ্বিতীয় ও ম্যাথিউ রিস। আর অভিনেত্রী বিভাগে লড়বেন জিন স্মার্ট, আয়ো এদেবিরি, কুইন্টা ব্রানসন, এল ফ্যানিং ও লিসা কুদ্রো।

সীমিত সিরিজের সেরা অভিনেতা বিভাগে রিজ আহমেদ, জেসন বেটম্যান, চার্লি হানাম, অস্কার আইজ্যাক ও ম্যাথিউ রিস মনোনয়ন পেয়েছেন। অভিনেত্রী বিভাগে রয়েছেন ক্লেয়ার ডেনস, স্যালি ফিল্ড, কেরি মুলিগান, সারা পিজিয়ন ও সারা স্নুক।

এবারের আসরটি সঞ্চালনা করবেন অভিনেত্রী ও প্রযোজক মারিস্কা হার্গিটে। দীর্ঘ ১৫ বছরের মধ্যে তিনিই প্রথম নারী হিসেবে এমির মঞ্চ উপস্থাপনার দায়িত্ব পালন করবেন।