চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কোথাও কোথাও হাঁটু থেকে কোমরসমান পানি জমেছে। এমন প্রতিকূল পরিস্থিতিতে আট মাস বয়সী এক শিশুকে পাতিলে করে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

২১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের একজন সদস্য এক হাতে রশি ও অন্য হাতে পাতিল ধরে গলাসমান পানির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন। তাঁর পাশে অন্য এক সদস্য পাতিলের ওপর ছাতা ধরে হাঁটছেন, যাতে শিশুটির গায়ে বৃষ্টির পানি না পড়ে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে বেশ কয়েকজন পানিবন্দী থাকার খবর পেয়ে আট সদস্যের একটি দল চেচুরিয়া ব্রিজসংলগ্ন এলাকায় যায়। সেখান থেকে পাঁচ শিশু ও আট নারীকে উদ্ধার করে স্থানীয় আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, "আটকে থাকার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। ওই সময় বড় পাতিলে করে শিশুকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়।"