আর্জেন্টিনা বনাম মিসর ম্যাচে রেফারিং নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের ঝড় উঠলেও সেই বিতর্কে গা ভাসাচ্ছেন না ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। বরং ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও ভিএআরের সিদ্ধান্তগুলোর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশ সময় আজ রাত দুইটায় কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে গতকাল এক সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘আশা করি, আমাদের রেফারিও মঁসিয়ে লেতেক্সিয়ের মতোই দক্ষ হবেন।’

এদিকে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার এই ম্যাচের রেফারি নির্বাচন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকা পাঁচজন রেফারির সবাই আর্জেন্টিনার নাগরিক। কাতার বিশ্বকাপের ফাইনালের পর থেকে আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সের এক ধরনের ফুটবলীয় দ্বৈরথ তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা চলছে।

একই দেশ থেকে পাঁচজন রেফারি নিয়োগের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলেও মূল রেফারির দায়িত্ব পালন করবেন ফাকুন্দো টেলো। উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচেও তিনি রেফারির দায়িত্বে ছিলেন। টেলোর সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন তার স্বদেশি জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাড। চতুর্থ রেফারি হিসেবে দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে ক্রিস্টিয়ান নাভারো দায়িত্ব পালন করবেন।

ফরাসি সংবাদমাধ্যমে রেফারি নিয়োগ নিয়ে অসন্তোষ দেখা দিলেও দেশম বেশ নির্ভার। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘আমি রেফারিদের বিশ্বাস করি। আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়।’

টুর্নামেন্টের সমীকরণ অনুযায়ী গতবারের মতো এবারও ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন প্রেক্ষাপটে কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচে আর্জেন্টিনার পাঁচজন রেফারি রাখা কতটা যৌক্তিক, তা নিয়ে বিতর্ক থামছেই না। তবে ফ্রান্সের গোলরক্ষক রবিন রিসার বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত ফাইনালটা থেকে (আর্জেন্টিনার সঙ্গে) আমাদের কিছুটা তিক্ততা আছে। কিন্তু এটা খেলারই অংশ। যদি কোনো রেফারি ম্যাচ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে তা যোগ্যতার কারণেই পেয়েছে।’