বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা ডুয়া লিপা এবার বইপ্রেমীদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে হাজির হয়েছেন। পর্তুগালের পোর্তো শহরের ঐতিহ্যবাহী বইয়ের দোকান ‘লিভরারিয়া লেলো’-র অভ্যন্তরে তিনি স্থাপন করেছেন ‘ম্যানিফেস্টো লাইব্রেরি’। এই পাঠাগারের বিশেষত্ব হলো, এখানে স্থান পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ, সেন্সরশিপের কবলে পড়া কিংবা বিতর্কিত হিসেবে চিহ্নিত বইগুলো।

আন্তর্জাতিক বই উৎসব ‘বাবেল—সিটি অব বুকস’-এর অংশ হিসেবে এই লাইব্রেরিটি গড়ে তোলা হয়েছে। বর্তমানে এখানে প্রায় ১০০টি বইয়ের সংগ্রহ রয়েছে। এসব বইয়ে মূলত ক্ষমতার অপব্যবহার, বৈষম্য, সেন্সরশিপ এবং সমাজের প্রচলিত প্রথাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।

নিজের এই নতুন উদ্যোগ সম্পর্কে এক বিবৃতিতে ডুয়া লিপা জানান, এটি তাঁর দীর্ঘদিনের লালিত স্বপ্ন। তিনি বলেন, ‘আমি যখন সার্ভিস৯৫ বুক ক্লাব শুরু করি, তখনই চেয়েছিলাম, এটি যেন পৃথিবীর যেকোনো প্রান্তের পাঠক ও লেখকদের জন্য আশ্রয় হয়ে ওঠে।’

সাহসী লেখকদের প্রতি সম্মান জানিয়ে ডুয়া লিপা আরও বলেন, এই লাইব্রেরি সেই পাঠকদের জন্য, ‘যাঁরা অন্যের বলে দেওয়া তালিকা মেনে বই পড়তে রাজি নন।’

লাইব্রেরির সংগ্রহশালাটি মূলত চারটি প্রধান স্তম্ভ—ক্ষমতা, নিয়ন্ত্রণ, কণ্ঠস্বর ও স্মৃতির ওপর ভিত্তি করে সাজানো হয়েছে। তালিকায় রয়েছে মার্গারেট অ্যাটউডের ‘দ্য হ্যান্ডমেইডস টেল’, রেজিনাল্ড ডোয়েন বেটসের ‘ফেলন’ এবং সালমান রুশদি ও নোবেলজয়ী ওলগা তুকারচুকের নির্বাচিত সব গ্রন্থ।

এই উদ্যোগ প্রসঙ্গে লিভরারিয়া লেলোর ব্র্যান্ডপ্রধান ফ্রান্সিসকা পেদ্রো পিন্টো বলেন, ‘১২০ বছর ধরে আমরা একটি বিশ্বাসকে ধারণ করে আসছি যে বই মানুষের স্বাধীনতার শক্তিশালী মাধ্যম। ম্যানিফেস্টো লাইব্রেরি সেই বিশ্বাসেরই প্রতিফলন।’

ডুয়া লিপা দীর্ঘদিন ধরেই বই পড়ার গুরুত্ব নিয়ে কাজ করছেন। তিনি প্রতি মাসে তাঁর বুক ক্লাবের জন্য একটি বই নির্বাচন করেন এবং সেই বইয়ের লেখকের সাক্ষাৎকারও নেন। আগামী ২১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ২০২৬ লন্ডন লিটারেচার ফেস্টিভ্যালের কিউরেটর হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

সূত্র: ইউরো নিউজ