বক্স অফিসে দারুণ সূচনার পাশাপাশি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে আলিয়া ভাট ও শর্বরী বাগ অভিনীত ছবি ‘আলফা’। ভারতের বড় বাজেটের মূলধারার সিনেমায় দুই নারীকে কেন্দ্রীয় অ্যাকশন চরিত্রে উপস্থাপনের এই সাহসী উদ্যোগটি এখন বিনোদন জগতে আলোচনার কেন্দ্রে। ছবিটির শুটিং অভিজ্ঞতা নিয়ে এক বিবৃতিতে আলিয়া ভাট জানিয়েছেন, তাঁর অভিনয়জীবনের অন্যতম উপভোগ্য সময় কেটেছে এই সিনেমার সেটে।
ট্রেলার প্রকাশের পর থেকেই আলিয়ার মারকুটে অবতার নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘“আলফা” ছবির কাজ করতে গিয়ে দারুণ সময় কেটেছে। সম্ভবত কোনো ছবির সেটে কাজ করার অভিজ্ঞতাগুলোর মধ্যে এটি সবচেয়ে উপভোগ্য ছিল। অ্যাকশন আর রোমাঞ্চে ভরা বিশাল এই জগতে পা রাখার মধ্যে আলাদা রকমের উত্তেজনা ছিল। এই ছবি আমাকে এমনভাবে নিজেকে চ্যালেঞ্জ জানাতে বাধ্য করেছে, যা আগে কখনো করিনি। আর সেই অভিজ্ঞতার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।’
গতানুগতিক ধারার বাইরে গিয়ে নারীকেন্দ্রিক অ্যাকশনধর্মী এই কাজ নিয়ে আলিয়া আরও বলেন, ‘সবচেয়ে ভালো লেগেছে এই কারণে যে ছবির সব অ্যাকশনের কেন্দ্রে রয়েছে দুই নারী। এমনটা আমরা খুব একটা দেখতে পাই না। তাই এর অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দ পেয়েছি। “আলফা” হলো একধরনের মনোভাবের উদ্যাপন, আবার একই সঙ্গে প্রেক্ষাগৃহে সিনেমা দেখার আনন্দেরও উদ্যাপন।’ আলিয়ার মতে, ‘আলফা’ কেবল লিঙ্গপরিচয়ের বিষয় নয়, বরং এটি সাহস, শক্তি ও নির্ভীক মানসিকতার এক আখ্যান।
পরিচালক শিব রাওয়ালসহ পুরো টিমের প্রশংসা করে আলিয়া বলেন, ‘শুটিং সেটে অসাধারণ এক উদ্দীপনা ছিল। প্রতিদিন কাজে যেতে মুখিয়ে থাকতাম।’ সহশিল্পী ও নেপথ্যের কারিগরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, ‘অসাধারণ একদল মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা অনেক বড় প্রাপ্তি। আমাদের পরিচালক, সহশিল্পীরা, অ্যাকশন দল কিংবা পর্দার আড়ালে কাজ করা পুরো ইউনিট—সবার মধ্যেই আমরা কী তৈরি করছি, তা নিয়ে দারুণ উচ্ছ্বাস ছিল। আমার মনে হয়, সেই উদ্দীপনার কিছুটা পর্দায়ও ধরা পড়েছে।’
আর্থিক সাফল্যের দিক থেকেও পিছিয়ে নেই ছবিটি। ৯ কোটি ২৫ লাখ রুপি দিয়ে বক্স অফিসে খাতা খোলার পর প্রথম চার দিনেই বিশ্বজুড়ে ‘আলফা’র আয় দাঁড়িয়েছে ৬৩ কোটি ৬৪ লাখ রুপি। সংশ্লিষ্টদের মতে, নারীকেন্দ্রিক বাণিজ্যিক ছবি হিসেবে এই অংক বেশ আশাব্যঞ্জক।






