রাজবাড়ী সদর উপজেলায় বিস্কুট খাওয়ানোর কথা বলে ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কিশোরকে গত সোমবার আদালতের নির্দেশে গাজীপুর কিশোর সংশোধনকেন্দ্রে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেন। মামলার এজাহার অনুযায়ী, গত শনিবার দুপুরে শিশুটিকে বাড়িতে রেখে পাশের এক আত্মীয়ের বাড়িতে দুধ দিতে গিয়েছিলেন তার মা। এই সুযোগে প্রতিবেশী ওই কিশোর শিশুটিকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় শিশুটির মা বাড়ি ফিরে মেয়ের খোঁজ করতে থাকেন। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে তিনি ওই কিশোরের বাড়ির দিকে এগিয়ে গেলে কিশোরটি ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়।
এদিকে মামলা করার পর থেকে বাদীপক্ষকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা। আজ মঙ্গলবার তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘আমি নিরীহ মানুষ। কিশোরটির পরিবার প্রভাবশালী হওয়ায় মামলা দায়েরের পর থেকে নানাভাবে হুমকি–ধমকি দিয়ে আসছেন তাঁরা। এমনকি আমাকে বাড়ি থেকে বের হতে দেবে না বলা হচ্ছে। আজ দুপুরেও আমাকে মারার চেষ্টা করেছে। পরে বিষয়টি পুলিশকে জানিয়েছি।’
ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা দাবি করে শিশুটির বাবা আরও বলেন, ‘আমার মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে উপযুক্ত শাস্তি চাই। একই সঙ্গে আমার পরিবারের নিরাপত্তা চাই।’
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, মামলায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে গাজীপুরের কিশোর সংশোধনকেন্দ্রে পাঠানো হয়েছে। এ ছাড়া অভিযোগকারী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।






