হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া এক নবজাতক কন্যাশিশুর দায়িত্ব নিয়েছেন এক দম্পতি। আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে শিশুটিকে তাঁদের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় জেলা পরিষদ সড়কের পাশে কান্নার শব্দ শুনতে পান পথচারীরা। কাছে গিয়ে তাঁরা ঝোপের মধ্যে একটি নবজাতক কন্যাশিশুকে পড়ে থাকতে দেখেন। শিশুটির শরীরে তখনো হাসপাতালের স্যালাইনের ক্যানুলা লাগানো ছিল। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত শিশুটিকে মাধবপুর উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিরাপত্তা ও যথাযথ পরিচর্যার লক্ষ্যে শিশুটিকে প্রশাসনের উদ্যোগে একটি সেফ হোমে স্থানান্তর করা হয়েছিল। এই ঘটনাটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেক ব্যক্তি শিশুটির লালন-পালনের আগ্রহ প্রকাশ করেন। আজ মাধবপুর উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় আবেদনকারীদের যাচাই-বাছাই করা হয়। এরপর উপজেলার উত্তর শাহপুর (নোয়াপাড়া) এলাকার ব্যবসায়ী জাবেদ আলী (৩০) ও তাঁর স্ত্রীকে আপাতত শিশুটির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, "শিশুটির সর্বোচ্চ স্বার্থ বিবেচনায় নিয়েই উপজেলা শিশু কল্যাণ বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। আপাতত নিরাপদ পরিবেশে লালন-পালনের জন্য শিশুটিকে এক দম্পতির কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ ও জেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।"

নবজাতকটিকে বুকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই দম্পতি। তাঁরা বলেন, "এই শিশুকে তাঁরা কখনো পর মনে করবেন না। নিজেদের সন্তানের মতোই ভালোবাসা, শিক্ষা, নিরাপত্তা ও স্নেহ দিয়ে বড় করে তুলবেন।"