ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
গতকাল রোববার রাত ১১টায় হাফিজ উদ্দিন আহমদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে ২ জুলাই তিনি তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন।
তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আয়োজিত রাষ্ট্রীয় শ্রদ্ধায় বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেন স্পিকার। তিনি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেন।
.তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত ভাবগাম্ভীর্যপূর্ণ এ অনুষ্ঠানে আয়াতুল্লাহ আলী খামেনির বিদেহী আত্মার জন্য স্পিকার দোয়া করেন।
এ ছাড়া স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি তিনি সহমর্মিতা প্রকাশ করেন। শোকবার্তা পৌঁছে দেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ইরানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান হাফিজ উদ্দিন আহমদ।
.তেহরানে গালিবাফের সঙ্গে হাফিজ উদ্দিনের বৈঠক, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার নিন্দা.আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি তিনি শাহাদাতবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
.আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার





