যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছাবার্তায় তিনি দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, আপনার বাস্তববাদী নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী কয়েক দশকে আরও এগিয়ে যাবে।’
গতকাল শনিবার ট্রাম্পকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।
ট্রাম্পকে দেওয়া শুভেচ্ছাবার্তায় তারেক রহমান বলেন, বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং তাঁর নিজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প ও দেশটির জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার এই ঐতিহাসিক মাইলফলক শুধু দেশটির জন্যই নয়, বিশ্বের মানুষের জন্যও অনুপ্রেরণার উৎস। ‘আমেরিকা ২৫০’ উদ্যাপনের মাধ্যমে আমেরিকান স্বপ্ন, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ, ঐতিহ্য, চেতনা ও বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্রের অবদান নতুন করে সামনে এসেছে।
গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে আরও বিস্তৃত হয়েছে বলেও শুভেচ্ছাবার্তায় উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাদের স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র আমাদের গণতান্ত্রিক ও উন্নয়নযাত্রায় গুরুত্বপূর্ণ বন্ধু ও সহযোগী।’
তারেক রহমান বলেন, ‘বর্তমানে আমরা সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্যও আমরা গভীরভাবে কৃতজ্ঞ।’
শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার ও গভীর করতে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে কাজ করে যাবে।
এ ছাড়া প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে শুভেচ্ছাবার্তায় তিনি যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন।






