কয়েক মাস ধরেই বলিউডে গুঞ্জন চলছিল। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন আমির খান—এমন খবরে সরগরম ছিল ভারতীয় বিনোদন অঙ্গন। নানাভাবে ইঙ্গিত দিলেও এত দিন বিষয়টি নিয়ে সরাসরি মুখ খোলেননি অভিনেতা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই জানালেন সুখবর। ৫ জুলাই দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। মুম্বাইয়ের নিজ বাসভবনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে অত্যন্ত ঘরোয়া পরিবেশে হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

.

বৃহস্পতিবার মুম্বাইয়ে তাঁর নতুন ছবি ‘প্রীতম অ্যান্ড পেড্রো’–এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৬১ বছর বয়সী এই অভিনেতা নিজেই বিয়ের খবর নিশ্চিত করেন।

.

সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে জানা গেছে, বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির বলেন, ‘হ্যাঁ, আগামী ৫ জুলাই আমরা বিয়ে করছি। এটি খুবই ছোট একটি পারিবারিক আয়োজন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’

.

শুধু বিয়ের খবরই নয়, জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাওয়ার অনুভূতির কথাও ভাগ করে নেন অভিনেতা। আমির বলেন, ‘এটি আমাদের দুজনের জন্য খুবই বিশেষ একটি দিন। সবার আশীর্বাদ ও ভালোবাসা চাই। আমাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন।’

.৬১ বছর বয়সে আমিরের প্রেম–বিয়ে, কে এই গৌরী.

আমির যখন সাংবাদিকদের এই সুখবর দিচ্ছিলেন, তখন তাঁর পাশে ছিলেন বড় ছেলে জুনায়েদ খান। বাবার ঘোষণা শুনে তাঁকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারেও বাবার নতুন সম্পর্ক নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন জুনায়েদ। তিনি বলেছিলেন, ‘গৌরী খুবই আন্তরিক ও মিষ্টি একজন মানুষ। বাবার জন্য আমি সত্যিই খুশি।’

.

২৫ বছরের পরিচয়, পরে প্রেম
আমির ও গৌরীর পরিচয় আজকের নয়। ২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে সংবাদমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির। সেদিনই তিনি জানান, তাঁদের পরিচয় প্রায় ২৫ বছরের পুরোনো। দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও পরে আবার দেখা হয়। পুরোনো বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়।

পরে বিভিন্ন সাক্ষাৎকারে গৌরীকে নিয়ে অকপটে কথা বলেছেন আমির। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এমন একজন মানুষকে খুঁজছিলাম, যার সঙ্গে শান্তিতে থাকতে পারব। গৌরীর মধ্যে আমি সেই শান্তি খুঁজে পেয়েছি।’
আরেক সাক্ষাৎকারে আমিরের মন্তব্য ছিল, ‘আমি খুব সৌভাগ্যবান যে গৌরী আমার জীবনে এসেছে। মনে হয়, জীবনের এই পর্যায়ে এসে আমি যেন পূর্ণতা পেয়েছি।’
এমনকি বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে একসময় তিনি বলেছিলেন, ‘আমার হৃদয়ে আমি ইতিমধ্যেই গৌরীকে বিয়ে করে ফেলেছি। আনুষ্ঠানিকতা হবে কি না, সেটা সময়ই বলবে।’

.বাড়িতে আমি সন্তানদের কাছে বাবার চেয়ে বন্ধু বেশি: আমির খান.

কে এই গৌরী স্প্র্যাট?
বেঙ্গালুরুতে বেড়ে ওঠা গৌরী স্প্র্যাট পেশায় একজন উদ্যোক্তা ও লাইফস্টাইল–সংশ্লিষ্ট পেশাজীবী। দীর্ঘদিন একটি পরিচিত স্যালন ও বিউটি চেইনের সঙ্গে কাজ করার পর বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনের সঙ্গেও যুক্ত আছেন। আগের সংসার থেকে তাঁর সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।
গৌরীর পারিবারিক ইতিহাসও বেশ আলোচিত। তাঁর দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত একজন কমিউনিস্ট চিন্তাবিদ, যিনি ১৯২০-এর দশকে ভারতে এসে ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনে অংশ নেন এবং কারাবরণও করেন।
গৌরী নিজেও সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলেন, যিনি ভদ্র, যত্নশীল ও মানবিক। মজার বিষয় হলো, আমিরের প্রেমে পড়লেও তাঁর খুব বেশি সিনেমা দেখা হয়নি। গৌরী জানিয়েছেন, তিনি আমিরের মাত্র দুটি ছবি—‘লগান’ ও ‘দিল চাহতা হ্যায়’—দেখেছেন।

.তৃতীয় বিয়ের খবর ফাঁস হওয়ায় অবাক আমির খান.

দুই বিয়ের পর তৃতীয় অধ্যায়
এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে মাত্র ২১ বছর বয়সে রীনা দত্তকে বিয়ে করেন তিনি। সেই সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনায়েদ খান ও ইরা খান। ১৬ বছরের দাম্পত্যের পর ২০০২ সালে বিচ্ছেদ হয় তাঁদের।
পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাঁদের ছেলে আজাদ রাও খান সারোগেসির মাধ্যমে জন্ম নেয়। ২০২১ সালে ১৫ বছরের দাম্পত্যের ইতি টানলেও আজও ছেলেকে যৌথভাবে বড় করছেন তাঁরা। বিচ্ছেদের পরও কিরণ রাও ও রীনা দত্ত—দুজনের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির।