নতুন সিনেমায় কাজ করছেন শাকিব খান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রিয়েল এনার্জি প্রোডাকশনের সিনেমায় নাম লেখান তিনি। ছবির নাম প্রকাশ করা হয়নি।

এর আগে প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যানারে ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানকে দেখা গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান।

‘বরবাদ’ টিমের সঙ্গে আরেক সিনেমায় দেখা যাবে শাকিব খানকে। তবে এটি ‘বরবাদ’ সিনেমার সিক্যুয়েল নয়। আজ চুক্তির পর প্রযোজক ও পরিচালকদের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন শাকিব খান। পোস্টে তিনি লিখেছেন, ‘“বরবাদ” টিম আবার ফিরছে। চলুন, আবার ইতিহাস গড়ি।’

.

এক ঘণ্টার ব্যবধানে পোস্টটিতে ৩৫ হাজারের বেশি ‘রিঅ্যাক্ট’ পড়েছে। দুই হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। রাব্বি হাসান নামের এক অনুরাগী লিখেছেন, ‘বরবাদ টিম মানেই আগুন।’

পরিচালক মেহেদী হাসান মুক্তকণ্ঠকে জানান, সিনেমাটি অ্যাকশনধর্মী। সিনেমার নাম, অন্য শিল্পী কারা, শুটিং কবে থেকে, তা আনুষ্ঠানিকভাবে জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান।

পরিচালক বলেন, ‘“বরবাদ”–এর পর দর্শকদের জন্য আরেকটি ভালো সিনেমা নিয়ে আসছি আমরা।’

গত বছর মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমায় আরিয়ান মির্জা চরিত্রে দেখা গেছে শাকিব খানকে। তাঁর বিপরীতে অভিনয় করেন ঈধিকা পাল।

.ভিন্নধারার গল্পে ‘রকস্টার’ দর্শকদের কতটা মুগ্ধ করতে পেরেছে.

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খান প্রথমবার জানিয়েছিলেন, ‘বরবাদ’ নির্মাতার নতুন সিনেমার গল্প শুনেছেন তিনি; পছন্দও হয়েছে। এ বিষয়ে শিগগিরই জানতে পারবেন দর্শকেরা। এবার এল সেই ঘোষণা।

এদিকে শাকিব জানিয়েছিলেন, চলতি বছর তাঁর অভিনীত আরেকটি সিনেমা ‘সোলজার’ আগামী অক্টোবরে মুক্তি পাবে।