দেশের বাজারে আজ সোনার দাম কমেছে। ২২ ক্যারেটের অর্থাৎ ভালো মানের সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমেছে।
বিশ্ববাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ সোমবার সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, আজ ২২ ক্যারেটের সোনার দাম কমে হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা, সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
আজ দাম কমার আগে ২২ ক্যারেটের সোনার দাম ছিল ভরিপ্রতি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
অর্থাৎ, আজ ২১ ক্যারেটের সোনার দাম ৩ হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৬৮২ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
এই দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়নার ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল মোট দামের ওপর ৫ শতাংশ।
এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার বিনিময় ও কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলংকারে ভ্যাটের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।






