বাংলা ১ম পত্র: পরামর্শ

এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রে নম্বর থাকবে ১০০। প্রথমে হবে ৩০ নম্বরের বহুনির্বাচনি অংশের পরীক্ষা। পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা হবে। সেই সৃজনশীল অংশে সাতটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নে ১০ করে ৭০ নম্বর; সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট অর্থাৎ ১৫০ মিনিট। এই সময়ের মধ্যে সাতটি প্রশ্নের উত্তর লেখা শেষ করা বেশ কঠিন। একমাত্র ‘সুনির্দিষ্ট ও পরিমিত’ উত্তর লিখলেই ‘সম্পূর্ণ উত্তর লেখা’ শেষ করা সম্ভব। বাংলায় এ‍+ পাওয়ার ওপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনেকাংশে নির্ভর করে থাকে। তাই তোমাকে এইচএসসি পরীক্ষার্থী হিসেবে বাংলায় এ‍+ পাওয়ার এই কঠিন কাজটিই সমাধান করতে হবে সহজভাবে। আর তা করতে তোমার প্রয়োজন বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষায়  সঠিক ‘টাইম ম্যানেজমেন্ট’ বা ‘সময় পরিকল্পনা’।

সঠিক প্রশ্ন নির্বাচন

বাংলা প্রথম পত্রে সবচেয়ে জরুরি ‘সঠিক প্রশ্ন নির্বাচন’ করা। সৃজনশীলে প্রশ্ন থাকবে ১১টি, উত্তর লিখতে হবে ৭টির। সময় হাতে পাবে ২ ঘণ্টা ৩০ মিনিট, মানে ১৫০ মিনিট। সৃজনশীল বা রচনামূলক অংশে ১১টি প্রশ্নই তোমাকে পড়তে হবে। যে প্রশ্নের উত্তর ভালো পারো, সেগুলোর উত্তরই তুমি করবে। যেগুলোর উত্তর করবে, সে প্রশ্নগুলো টিক চিহ্ন দিয়ে রেখো। তাতে লেখার সময় সহজেই তোমার চোখে পড়বে। প্রশ্ন পড়ে তা প্রশ্ন নির্বাচন করতে তুমি সময় পাবে মাত্র ৫ মিনিট।

.

উদ্দীপক পড়ো

বাংলা প্রথম পত্রের প্রশ্নের উত্তর লেখার সময় অবশ্যই তোমাকে উদ্দীপক পড়তে হবে, ভাবতে হবে, কল্পনা করতে হবে, শেষে পাঠ্যবইয়ের সঙ্গে মেলাতে হবে। তারপর তুমি উত্তর লেখা শুরু করতে পারবে। মনে রেখো, প্রতিটি উদ্দীপক পড়ে বুঝে লেখার চিন্তা করতে সময় পাবে মাত্র ১ মিনিট করে মোট ৭ মিনিট।

সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সময়

১. প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক ও যথাযথভাবে লিখতে মোট চারটি অংশ ধাপে লিখতে হবে। প্রথম ধাপটি হলো ‘ক’ জ্ঞানমূলক প্রশ্ন। নম্বর থাকবে ১। তুমি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর এক প্যারায় লিখবে। হতে পারে সর্বোচ্চ এক বা দুই লাইন। ‘ক’ অংশের জ্ঞানমূলক লেখার জন্য সময় ভাগ করে পাবে—১ মিনিট।

২. প্রশ্নের দ্বিতীয় অংশ হলো ‘খ’ অনুধাবনমূলক প্রশ্ন। নম্বর থাকবে দুই। তুমি অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখবে দ্বিতীয় প্যারায়। এর উত্তর হতে পারে অর্ধেক পৃষ্ঠা বা পুরো এক পৃষ্ঠা। ‘খ’ অনুধাবনমূলক অংশ লেখার জন্য সময় ভাগ করে পাবে— ৪ মিনিট।

.শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষা পেছাল, নতুন তারিখ ঘোষণা মাউশির.

৩. প্রশ্নের তৃতীয় অংশ হলো ‘গ’ প্রয়োগমূলক প্রশ্ন। নম্বর থাকবে তিন। তুমি প্রয়োগমূলক অংশের উত্তর তিন প্যারায় লিখবে। এর উত্তর হতে পারে দেড় পৃষ্ঠা থেকে দুই পৃষ্ঠার মধ্যে। গ. প্রয়োগমূলক অংশ লেখার জন্য সময় ভাগ করে নেবে। সময় পাবে— ৬ মিনিট।

৪. প্রশ্নের চতুর্থ অংশ হলো ‘ঘ’ উচ্চতর দক্ষতাবিষয়ক প্রশ্ন। এতে নম্বর থাকবে চার। তুমি উচ্চতর দক্ষতা প্রশ্নের উত্তর লিখবে চার প্যারায়। এর উত্তর হবে দুই পৃষ্ঠা থেকে তিন পৃষ্ঠার মধ্যে। এর মধ্যে প্রশ্নের উচ্চতর দক্ষতা, বিশ্লেষণ, উপসংহার ও তোমার মতামত সবই লিখতে হবে। উচ্চতর দক্ষতা উত্তর লিখতে সময় পাবে— ৮ মিনিট।

# মানে, একটি সৃজনশীল প্রশ্নের চারটি অংশ লিখতে সময় পাবে— (১ মিনিট + ৪ মিনিট + ৬ মিনিট + ৮ মিনিট)। মোট—১৯ মিনিট।

.

রিভিশন লেখা শেষে

পরীক্ষা শেষে তোমার খাতাটি অবশ্যই রিভিশন দিতে হবে। রিভিশন দিলে পরীক্ষার লিখিত খাতার ছোট-বড় অনেক লেখার ভুল পেতে পারো, যা শুধরে নিতে সহায়তা করবে। তাই তোমাকে অবশ্যই খাতা রিভিশন দেওয়ার জন্য সময় পাবে— ৫ মিনিট।

একনজরে সময় পরিকল্পনা দেখে নাও —

১. সৃজনশীল অংশের প্রশ্ন নির্বাচন করতে সময় রাখবে— ৫ মিনিট।

২. সাতটি সৃজনশীল প্রশ্নের উদ্দীপক পড়ার জন্য সময় রাখবে— ৭ মিনিট।

৩. সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে সময় পাবে —৭ × ১৯ মিনিট। মোট সময়— ১৩৩ মিনিট।

৪. পুরো খাতা রিভিশন দেওয়ার জন্য সময় রাখবে— ৫ মিনিট।

  • মোস্তাফিজুর রহমান, শিক্ষক
    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা