নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে আবু তাহের (৪৮) নামের এক চা দোকানির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তাহের একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মুছাপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি স্থানীয় চৌধুরীহাট বাজারের চা–দোকানি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারিবারিক কাজে মোটরসাইকেল নিয়ে স্থানীয় মৌলভীবাজারের উদ্দেশে যাচ্ছিলেন আবু তাহের। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের চাকা তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম মুক্তকণ্ঠকে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”