স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে। আগের নির্দেশনা অনুসারে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি চাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে প্রথমে এক লাখ টাকা নেওয়া হচ্ছিল। কিন্তু এখন ২০২৪ সালের ৬ নভেম্বরের জারি প্রজ্ঞাপনের ভর্তি ও ইন্টার্নশিপ ফি আদায়ের পদ্ধতি মেনে চলতে হবে এসব কলেজকে।

বর্তমানে ঐচ্ছিক মাইগ্রেশন কার্যক্রম চলছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বেসরকারি এমবিবিএস ও বিডিএস মাইগ্রেশন শাখার ২৫ মার্চের এক চিঠিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোকে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি চাওয়া প্রার্থীদের কাছ থেকে প্রথমে এক লাখ টাকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এখন ঐচ্ছিক মাইগ্রেশন চলমান। এই মাইগ্রেশন শেষ হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছ থেকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার ২০২৪ সালের ৬ নভেম্বরের ৬৪৯ নম্বর প্রজ্ঞাপনে উল্লিখিত ভর্তি ও ইন্টার্নশিপ ফি আদায়ের পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে।