শরিয়াহ্ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ২৫ বছরেরও বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা করা হয়েছে। ব্যাংকের প্রতি তাঁদের দীর্ঘদিনের নিষ্ঠা, সততা এবং গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই অনুষ্ঠান আয়োজিত হয়। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক এ তথ্য জানিয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাফাত উল্লা খান। তিনি সংবর্ধিত কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং দীর্ঘ কর্মজীবনে ব্যাংকে অবদানের জন্য তাঁদের আন্তরিক ধন্যবাদ জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবর্ধিত কর্মকর্তারা এই ব্যাংকে তাঁদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের উন্নয়ন ও সাফল্যে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আবদুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁইয়া, মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, এস এম আবু জাফর, সৈয়দ আবুল হাশেমসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
মো. রাফাত উল্লা খান বলেন, প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অভিজ্ঞ ও নিবেদিত কর্মকর্তারাই ব্যাংকের মূল শক্তি। তাঁদের নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের মাধ্যমে ব্যাংক আজকের অবস্থানে পৌঁছেছে এবং ভবিষ্যতেও তাঁদের অভিজ্ঞতা ও নেতৃত্ব ব্যাংকের অগ্রযাত্রাকে অধিকতর গতিশীল করবে।






