দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) স্নাতকোত্তর, পিএইচডি এবং ইন্টিগ্রেটেড মাস্টার্স–পিএইচডি প্রোগ্রামের জন্য স্কলারশিপ ঘোষণা করেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৪ এপ্রিল ২০২৬।

সিউলে অবস্থিত এই পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়টি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় ৩০টি গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করছে, যেখানে চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার সুযোগ রয়েছে।

সুবিধা—

স্নাতকোত্তর প্রোগ্রামে প্রতি মাসে ১২ লাখ কোরিয়ান উন ভাতা দেওয়া হবে। পিএইচডিতে প্রতি মাসে ১৬ লাখ কোরিয়ান উন ভাতা প্রদান করা হবে। এছাড়া সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ, দুর্ঘটনা সহায়তা, মেডিকেল চেকআপ, ই-লাইব্রেরি, কাউন্সেলিং এবং বিনামূল্যে কোরিয়ান ভাষা প্রশিক্ষণের সুবিধা পাওয়া যাবে।

যোগ্যতা—

স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। একাডেমিক ফলাফল ভালো হতে হবে, ইংরেজি দক্ষতার সনদ (আইইএলটিএস বা টোয়েফেলসহ) দেখাতে হবে এবং নেতৃত্বের দক্ষতা প্রাধান্য পাবে।

প্রয়োজনীয় নথি—

গবেষণা প্রস্তাব, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মাস্টার্স ডিগ্রি থিসিস এবং ইংরেজি দক্ষতার প্রমাণপত্র (আইইএলটিএস, টোয়েফেল ইত্যাদি) জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করতে হবে। ইউএসটির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে তথ্য পূরণ করতে হবে। ভর্তি আবেদনের জন্য ৩০ মার্কিন ডলার বা ৩৫ হাজার কোরিয়ান উন (নন-রিফান্ডেবল) ফি দিতে হবে।

আবেদন এবং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন