চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) ব্যাংক এশিয়ার প্রকৃত আমানত ৪,০০০ কোটি টাকা বেড়েছে। গ্রাহকদের দৃঢ় আস্থা এবং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধির প্রতি অবিচল অঙ্গীকার এরই প্রতিফলন বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। একটি বিজ্ঞপ্তিতে ব্যাংক এই প্রবৃদ্ধির তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বছরের প্রথম তিন মাসে আমানত বৃদ্ধির উদযাপন উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেনসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, গত মার্চ শেষে ব্যাংক এশিয়ার মোট আমানত প্রায় অর্ধলক্ষ কোটি টাকায় পৌঁছেছে। এর মধ্যে ৭৫ শতাংশ এসএমই, এজেন্ট ব্যাংকিং ও ব্যক্তিগত আমানত। প্রথম প্রান্তিক শেষে মোট আমানতের ২৫ শতাংশ ছিল প্রাতিষ্ঠানিক আমানত।
জানতে চাইলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন মুক্তকণ্ঠকে বলেন, ‘আমাদের জানামতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে প্রকৃত আমানত প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছে ব্যাংক এশিয়ার। এই তিন মাসে আমাদের আমানতের যে প্রবৃদ্ধি হয়েছে, তার ৫৬ শতাংশই ছিল এজেন্ট ব্যাংকিং, এসএমই ও ব্যক্তি খাতের আমানত। বাকি ৪৪ শতাংশ প্রাতিষ্ঠানিক আমানত। ব্যাংক এশিয়ার আমানত এক প্রতিষ্ঠান ও খাতনির্ভর নয়। এ কারণে আমাদের আমানতে বড় ধরনের উত্থান–পতন খুবই কম।’






