বাংলাদেশে প্রতি বছর অসংখ্য অভিভাবক সন্তানদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে শীর্ষ ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ভর্তির পরিকল্পনা করেন। ব্রিটিশ কারিকুলামের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার কারণে এই শিক্ষাপ্রণালীর প্রতি সকলের আকর্ষণ বেশি। কিন্তু সঠিক তথ্য ও নির্দেশনার অভাবে অনেক অভিভাবকের জন্য উপযুক্ত স্কুল বাছাই করা কঠিন হয়ে পড়ে।
এই সমস্যার সমাধানে সন্তানদের জন্য আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান খুঁজে পেতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে ব্রিটিশ কাউন্সিল ও মুক্তকণ্ঠ ডটকম যৌথভাবে ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার ২০২৬’ আয়োজন করছে।
ফেয়ারটি ২৬ এপ্রিল থেকে অনলাইনে শুরু হবে এবং ১০ দিন ধরে চলবে ৫ মে ২০২৬ পর্যন্ত। এছাড়া ২ মে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অফলাইন ফেয়ারও অনুষ্ঠিত হবে। অনলাইন ফেয়ারে পছন্দমতো স্কুলের ব্রিটিশ কারিকুলাম, সুযোগ-সুবিধা এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। অন্যদিকে, ২ মে-এর অফলাইন ফেয়ারে দেশের শীর্ষ ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ফি-কাঠামো এবং ভর্তি সংক্রান্ত খুঁটিনাটি বিষয়ে সরাসরি পরামর্শের সুযোগ থাকবে।
এই ফেয়ারে প্লে-গ্রুপ থেকে প্রাইমারি এবং ও/এ লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য স্কুল নির্বাচন, ভর্তি প্রক্রিয়া এবং কারিকুলাম পরিবর্তনের সব তথ্য মিলবে। ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলগুলো বিশেষ অফার নিয়ে অংশ নিতে পারবে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ১১ এপ্রিলের মধ্যে ০১৭২১-৮১৯৯১৪ নম্বরে অথবা [email protected] মেইলে যোগাযোগ করতে হবে। এছাড়া নিবন্ধনের জন্য এই লিংকে যেতে হবে।






