কাতার পাকিস্তানের নাগরিকদের জন্য সাময়িকভাবে ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা বন্ধ করে দিয়েছে। দোহায় পাকিস্তান দূতাবাস গত মঙ্গলবার একটি বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগে থেকে ভিসা ছাড়া কাতারে পৌঁছালে ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশে সমস্যায় পড়তে পারেন পাকিস্তানি নাগরিকরা।
দূতাবাস জানিয়েছে, ‘বিদ্যমান পরিস্থিতির কারণে কাতারে ভ্রমণ করতে ইচ্ছুক পাকিস্তানের নাগরিকদের জন্য “অন অ্যারাইভাল” ভিসা–সুবিধা বর্তমানে বন্ধ রয়েছে। যেকোনো বিড়ম্বনা এড়াতে কাতারে যাওয়ার আগে পাকিস্তানের নাগরিকদের যথাযথ ভিসা সংগ্রহ করার পরামর্শ দেওয়া হচ্ছে।’
দূতাবাসের কর্মকর্তারা জানান, এখন থেকে কাতার যাওয়ার আগে ভিসা নেওয়া বাধ্যতামূলক। এ উদ্দেশ্যে একটি নতুন ভ্রমণ নির্দেশিকাও জারি করা হয়েছে।
অন অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে বন্ধ রাখার কারণ হিসেবে ‘বিদ্যমান পরিস্থিতি’র কথা উল্লেখ করা হয়েছে।
কাতারে যাওয়ার ইচ্ছুক পাকিস্তানিদের দূতাবাসের মাধ্যমগুলোর খবরের দিকে নজর দেওয়া এবং ভ্রমণের আগে কাতারের সংশ্লিষ্ট কর্মকর্তা বা ভিসা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দোহার দূতাবাস পাকিস্তানি নাগরিকদের সহায়তার প্রতিশ্রুতি দিলেও দেশটিতে যাওয়ার আগে প্রয়োজনীয় সব তথ্য যাচাই করে নিতে অনুরোধ জানিয়েছে।






