চীনে মার্কিন টিভি তারকা ও প্রযোজক ক্রিস জেনার নিয়ে হঠাৎ করে প্রচণ্ড আলোড়ন।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি ছড়িয়ে পড়েছে। এর পেছনে কোনো নতুন ঘটনা নেই, বরং চীনের লোকেরা ক্রিস জেনারকে সৌভাগ্য ও সম্পদের প্রতীক হিসেবে দেখছেন।
ওয়েইবো ও রেডনোটের ব্যবহারকারীরা বিশ্বাস করছেন, তাঁর ছবি পোস্ট করলে দিনটা ভালো যাবে এবং ধনী হওয়ার সুযোগ তৈরি হবে। গত পাঁচ দিনে লাখ লাখ নেটিজেন ক্রিসের ছবি শেয়ার করে নিজেদের সৌভাগ্য কামনা করেছেন। অনেকে এমনকি প্রোফাইল ছবি হিসেবেও ব্যবহার করছেন।
‘বিজনেস ইনসাইডার’-এর তথ্য অনুসারে, তিন দিনে এক লাখ চীনা নাগরিক এই ট্রেন্ডে যোগ দিয়ে পোস্ট করেছেন। এসবের ভিউ হয়েছে ৫২.৯ মিলিয়ন।
টিকটক ক্রিয়েটর মার্সেলো ওয়াং বলেন, ‘ক্রিস যুক্তরাষ্ট্রের সবচেয়ে পরিশ্রমী ব্যবসায়ীদের একজন আর চীনের মানুষ পরিশ্রমকে খুবই সম্মান করেন। সেই জায়গা থেকেই এই ট্রেন্ডের শুরু।’
জনপ্রিয় টিভি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ানস’-এ ক্রিসকে দেখে অনেকে অনলাইনে তাঁকে এই বিশেষ স্থান দিয়েছেন। জেন-জি প্রজন্ম মজা করে সেই সিরিজের মতো পোশাক পরে আচরণ করে সাফল্য লাভ করতে চাইছে।
সূত্র: বিবিসি ও বিজনেস ইনসাইডার






