মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্থির হয়ে পড়েছে। এর ফলে দেশের বাজারেও প্রভাব পড়ছে। বিভিন্ন তেল পাম্পে যানবাহনের লম্বা লাইন জমেছে, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। সরকারের মজুতেও টানাপোড়েন চলছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকলে বাংলাদেশকেও বেশি দামে তেল আমদানি করতে হবে। ফলে স্থানীয় বাজারে অকটেন, পেট্রল, ডিজেলসহ বিভিন্ন জ্বালানি তেলের দাম বাড়তে পারে। এমনকি রেশনিং হলেও দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়বে। সব মিলিয়ে তেলের দামের ওঠানামা বা সংকটের সময়ে সরাসরি পরিবারের ব্যয়ে প্রভাব ফেলে। তাই আগেভাগে পরিকল্পনা করাই সবচেয়ে কার্যকর উপায়।

কীভাবে প্রভাব পড়ে

১. আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আমদানি ব্যয় বাড়ে। এতে সরকারের খরচ বাড়ে, ডলার বেশি খরচ হয়। রিজার্ভে টান পড়ে।

২. আমদানিনির্ভর জ্বালানির কারণে দেশে মূল্য সমন্বয়ের চাপ তৈরি হয়।

৩. তেলের দাম বাড়লে উন্নয়নশীল দেশে মূল্যস্ফীতি বাড়ে।

৪. জ্বালানি ব্যয় বাড়লে প্রথমেই উৎপাদন ও পরিবহন খরচ বাড়ে। পরে তা জীবনযাত্রার খরচ বাড়িয়ে দেয়।

কোথায় খরচ বাড়ে

১. বাস, ট্রাকসহ পরিবহন ভাড়া বৃদ্ধি।

২. পাইকারি বাজারে পণ্যের দাম বাড়ে।

৩. খুচরা পর্যায়ে চাল, সবজি, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম বাড়ে।

৪. বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়ায় শিল্পপণ্যের দামেও চাপ সৃষ্টি হয়।

পরিবারগুলো কী করবে

১. মাসিক বাজেট তৈরি করে তা পরিকল্পনা অনুসারে খরচ করা।

২. অপ্রয়োজনীয় যাতায়াত কমানো।

৩. পরিকল্পিতভাবে একবারে বাজার করা, অপ্রয়োজনীয় পণ্য না কেনা।

৪. জ্বালানিনির্ভর খরচ (যাতায়াত, বিদ্যুৎ) কমানোর চেষ্টা।

বাড়তি সতর্কতা

১. জরুরি তহবিল (৩–৬ মাসের খরচ) গড়ে তোলা।

২. হঠাৎ দাম বাড়লে আতঙ্কে বেশি কেনাকাটা না করা।

৩. বাজারদর নিয়মিত যাচাই করা।