শিক্ষা মন্ত্রণালয় পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের সময়কাল এক বছর কমিয়ে তিন বছর করার সম্ভাবনা নিয়ে চিন্তাভাবনা করছে। এতে শিক্ষার্থীরা এক বছর আগেই কর্মজীবনে প্রবেশ করতে পারবে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগে অনুষ্ঠিত এক সভায় এই বিষয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, বর্তমানে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই চার বছরের কোর্সে ভর্তি হয়। আগে এই কোর্স ছিল তিন বছর মেয়াদি। চার বছর করলেও সিলেবাসে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। কোর্সের মেয়াদ তিন বছর করলে শিক্ষার্থীরা বর্তমানের চেয়ে এক বছর আগে চাকরিবাজারে নামতে পারবেন। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কারিগরি ও মাদ্রাসা বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি নিয়ে এই পর্যালোচনা সভা হয়। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সভায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন এবং প্রয়োজনে নতুন কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের বিষয়েও আলোচনা চলে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ‘মডেল পলিটেকনিক ইনস্টিটিউট’ গড়ার প্রস্তাবও উঠে আসে।

সভায় শিক্ষামন্ত্রী উন্নয়ন কর্মসূচি সততা ও দক্ষতার সঙ্গে বাস্তবায়ন এবং অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান। সভায় কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ বিভাগের ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।