ইসরায়েলের উগ্রপন্থী রাজনীতিবিদ ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, ‘ফিলিস্তিনিরা নিজেরাই একে অপরকে হত্যা করেন। এখানে ইসরায়েল সরকারের কোনো দোষ নেই।’

গত মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্টে একটি বিতর্ক চলার সময় স্মোট্রিচ এ কথা বলার পর ব্যাপক ক্ষোভ ও বিতর্ক সৃষ্টি হয়।

.

এদিকে ইমান খাতিব-ইয়াসিনসহ ইসরায়েলের পার্লামেন্টের (নেসেট) কয়েকজন ফিলিস্তিনি আইনপ্রণেতা বিতর্ক চলাকালে বলেন, স্মোট্রিচের প্রস্তাবিত খালি জমির ওপর ১ দশমিক ৫ শতাংশ সম্পত্তি কর ফিলিস্তিনিদের ক্ষতিগ্রস্ত করবে। দেশটিতে ফিলিস্তিনিরা সম্পত্তির মালিক হলেও তা উন্নয়ন করার অনুমতি রাখেন না।

বিতর্ক চলাকালে ফিলিস্তিনি আইনপ্রণেতা অভিযোগ করে আরও বলেন, ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর বাড়তে থাকা সহিংসতার দায় নিতে ইসরায়েল সরকার ব্যর্থ হয়েছে।

জবাব দিতে গিয়ে স্মোট্রিচ উল্টো প্রশ্ন করেন, ‘আপনারা নিজেরাই একে অপরকে হত্যা করেন, কীভাবে এর দায় সরকারের হতে পারে?’

তবে স্মোট্রিচের এ মন্তব্যকে ঘৃণ্য ও বর্ণবাদী বলে উল্লেখ করে প্রতিবাদ জানানো হয়।

.পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের জমি কেনা সহজ করতে ইসরায়েলের বিতর্কিত পদক্ষেপ.

ইসরায়েলি অর্থমন্ত্রী আরও বলেন, ‘হত্যা বন্ধ করতে আপনাদের জনগণকে শিক্ষিত করে তুলুন। আসুন, আপনারা সন্ত্রাস ও সহিংসতার নিন্দা জানানো শুরু করুন। হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করুন।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলজুড়ে প্রধানত ফিলিস্তিনি অধ্যুষিত শহর ও গ্রামগুলোতে প্রায় প্রতিদিনই হত্যাকাণ্ড হচ্ছে। এসব হত্যাকাণ্ড নিয়ে বারবার বিক্ষোভও হচ্ছে।

গত মাসে সাখনিন ও তামরায় বিক্ষোভ শুরু হয়। সেখান থেকে বিক্ষোভ অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ে।

গত সপ্তাহে তেল আবিবে তা চূড়ান্ত রূপ নেয়। প্রায় এক লাখ মানুষ জমায়েত হন সেখানে। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলে ফিলিস্তিনি নাগরিকদের অন্যতম বৃহৎ সমাবেশগুলোর একটি ছিল এটি। বিক্ষোভ সমাবেশে তাঁরা সহিংসতা ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

.ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে যেভাবে গড়ে উঠল ইসরায়েল রাষ্ট্র.

বেসরকারি মানবাধিকার সংস্থা আব্রাহাম ইনিশিয়েটিভসের মতে, এ বছর এ পর্যন্ত ইসরায়েলে ৫১ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। সংস্থাটি ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার ঘটনায় নজর রাখে।

২০২৫ সালে ইসরায়েলে ২৫২ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এক বছরে ২১৮টি পৃথক ঘটনায় নিহতের এ সংখ্যা নতুন রেকর্ড। গত দশকের তুলনায় নিহতের এই সংখ্যা প্রায় চার গুণ।

ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েল সরকার এ সংকট মোকাবিলায় ব্যর্থ হয়েছে। কিছু ক্ষেত্রে সরকার এমন পরিস্থিতি তৈরি করছে; যা সহিংসতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে।

.মুক্তি পেলেন ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দীরা, নেসেটে ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল