পাত্রীর বাড়িতে আজ পাত্রপক্ষের আগমন। ড্রয়িংরুমে সবাই গোল হয়ে বসেছে। চা-নাশতার ফাঁকে চলছে পাত্রের শিক্ষাগত যোগ্যতা, চাকরি আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা।
একপর্যায়ে পাত্রীর বাবা ভদ্রভাবে জিজ্ঞেস করলেন, ‘তো বাবা, তোমার পেশা কী?’
পাত্র কিছু বলার আগেই পাশে বসা মামা লাফিয়ে উঠলেন।
.‘আরে ভাইজান, পেশা দিয়ে ওকে বিচার করলে ভুল করবেন! আমাদের ছেলে খেলাধুলার জগতে একেবারে চ্যাম্পিয়ন। স্কুল-কলেজে ওর খেলার খুব সুনাম ছিল। ঢাকা শহরে এমন তরুণী খুঁজে পাওয়া কঠিন, যে ওর খেলা দেখেনি!’
মামার কথায় পাত্রীর বাবার চোখ চকচক করে উঠল।
.নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected].
‘বাহ্! খুবই ভালো। খেলাধুলা করা ছেলে আমার বেশ পছন্দ। তা বাবা, তুমি কোন খেলায় চ্যাম্পিয়ন?’
.পাত্র লাজুক ভঙ্গিতে মাথা নিচু করল। তারপর পাশেই তার বন্ধু আস্তে করে বলল, ‘আজ্ঞে...মন নিয়ে ছিনিমিনি খেলায়।’
কথাটা শোনার পর ড্রয়িংরুমে এমন নীরবতা নেমে এল যেন সবাই হঠাৎ জাতীয় সংগীত শুরু হওয়ার অপেক্ষায় আছে।
শুধু পাত্রের মামা কাশি দিয়ে বললেন, ‘খেলার নামটা না বললেও চলত, বাবা!’
*লেখক: মাইফুল জামান ঝুমু, শিক্ষার্থী, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, ঢাকা বিশ্ববিদ্যালয়






